/indian-express-bangla/media/media_files/2026/01/18/home-2026-01-18-15-25-31.jpg)
House Collapse: ভেঙে পড়েছে আস্ত বাড়ি।
সরকারি ড্রেন তৈরির জন্য খোঁড়াখুঁড়ি চলছিল। আর সেই কাজের জেরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এক ব্যক্তির আস্ত বসতবাড়ি। উন্নয়নের কাজ করতে গিয়ে সাধারণ মানুষের যে এমন চরম ক্ষতি হবে, তা ভাবতেও পারেননি এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad News) নবগ্রামের পূর্ব গ্রামে। ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তির নাম দীনবন্ধু মন্ডল। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে আপাতত খোলা আকাশের নিচে ওই অসহায় পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই এলাকায় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সরকারি ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। দীনবন্ধু বাবুর বাড়ির পাশ দিয়েই ওই ড্রেনের জন্য গর্ত খোঁড়া হচ্ছিল। পরিবারের অভিযোগ, ড্রেন তৈরির জন্য যখন গর্ত করা হচ্ছিল, তখনই তাঁরা আপত্তি জানিয়েছিলেন। বাড়ির খুব কাছে গর্ত করলে বাড়িটি ভেঙে পড়তে পারে, এমন আশঙ্কার কথা ঠিকাদার ও কর্মীদের জানিয়েছিলেন তাঁরা।
কিন্তু অভিযোগ, সরকারি লোকজন সেই কথায় কান দেননি। বরং জোর করে বাড়ির গা ঘেঁষেই গর্ত খোঁড়া হয়। আর তার ফলেই ঘটে বিপত্তি। চোখের সামনে ধূলিসাৎ হয়ে যায় দীনবন্ধু মন্ডলের গোটা বাড়িটি(House Collapse)।
বাড়ি ভেঙে পড়ার পর চরম সঙ্কটে পড়েছে মণ্ডল পরিবার। কোথায় থাকবেন, কী করবেন, ভেবে পাচ্ছেন না তাঁরা। এই কনকনে ঠান্ডার মধ্যে ছাদ হারিয়ে দিশেহারা গোটা পরিবার। দীনবন্ধু বাবু বলেন, "আমরা বারণ করেছিলাম, কিন্তু ওরা শোনেনি। জোর করে কাজ করল, আর আমার সব শেষ হয়ে গেল। এখন আমি পরিবার নিয়ে কোথায় যাব?"
আরও পড়ুন-বেলডাঙ্গা অশান্তির ঘটনায় পুলিশের জালে ৩০, নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে তিন দিন পর গেলেন ইউসুফ পাঠান
অভিযোগ, এত বড় ঘটনার পরেও দীর্ঘক্ষণ প্রশাসনের কোনও আধিকারিক ঘটনাস্থলে পৌঁছননি। পরিবারের খোঁজ নিতে দেখা যায়নি পঞ্চায়েতের পদস্থ কর্তাদেরও। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছলে এবং ক্যামেরা বের করার পর তড়িঘড়ি সেখানে উপস্থিত হন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন।
সাধারণ মানুষের উপকারের জন্য প্রকল্প, অথচ সেই প্রকল্পের কাজের গাফিলতিতেই পথে বসল একটি পরিবার। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। ক্ষতিগ্রস্ত পরিবারটি প্রশাসনের কাছে দ্রুত সরকারি সাহায্য ও ক্ষতিপূরণের আবেদন জানিয়েছে। এখন দেখার, প্রশাসন কবে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ায়।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us