/indian-express-bangla/media/media_files/2025/12/25/cops-2025-12-25-20-20-00.jpg)
woman trafficking: অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
SIR আবহে সীমান্তে কড়াকড়ি এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে যখন পুশব্যাক চলছে, সেই সময়েই বাংলাদেশ থেকে ভারতে দেহব্যবসার জন্য এক মহিলাকে পাচারের অভিযোগে নদিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত এক হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে বছর বাইশের এক বাংলাদেশি গৃহবধূকে কাজের প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে ভারতে নিয়ে আসা হয়। চাপড়া সীমান্ত দিয়ে তাঁকে অবৈধভাবে ভারতে প্রবেশ করানো হয় বলে অভিযোগ। পরে ধুবুলিয়া থানার বাহাদুরপুর এলাকায় অবস্থিত বচ্চন ঘোষের কালি মা হোটেলে ওই মহিলাকে বিক্রি করে দেওয়া হয়।
আরও পড়ুন- জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়, কাল থেকেই হাড়-মজ্জায় কাঁপুনি ধরাবে আরও কনকনে শীত? জানুন লেটেস্ট আপডেট
অভিযোগ, ওই হোটেলে তাঁকে জোর করে দেহব্যবসায় বাধ্য করা হত। পাশাপাশি তাঁর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থও কেড়ে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস আটকে থাকার পর, ছয় দিন আগে সুযোগ বুঝে হোটেল থেকে পালিয়ে যান ওই মহিলা।
পরে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে নদিয়ার ভীমপুর সীমান্তের দিকে যাওয়ার সময় বিএসএফের মধুপুর ১৬১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাঁকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করেন। এরপর ভীমপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয়।
মামলার তদন্তে পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে ওই মহিলার গোপন জবানবন্দি রেকর্ড করে। সেখানে তিনি জানান, তাঁকে কাজের প্রতিশ্রুতি দিয়ে ভারতে আনা হয় এবং বাহাদুরপুরের কালি মা হোটেলে বিক্রি করে জোর করে দেহব্যবসায় নামানো হয়।
আরও পড়ুন-SIR নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, কোন কাজে দফতরগুলিকে সময়সীমা বেঁধে দেওয়া হল জানেন?
এই ঘটনার ভিত্তিতে তদন্তকারী অফিসার এসআই তুষার কান্তি ঘোষ-সহ পুলিশের একটি দল বৃহস্পতিবার ধুবুলিয়া থানার অন্তর্গত এলাকা থেকে অভিযুক্ত হোটেল মালিক বচ্চন ঘোষকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে শুক্রবার আদালতে তোলা হবে এবং পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us