/indian-express-bangla/media/media_files/2025/11/19/nidia-sir-blo-work-update-election-commission-2025-11-19-20-37-50.jpg)
SIR নিয়ে তোলপাড়ের মাঝে গুরুত্বপূর্ণ বৈঠকে কমিশনের কর্তারা, দিলেন বিরাট নির্দেশ
Bengal SIR: নদীয়ায় এসআইআর কার্যক্রম নিয়ে বৈঠকে সমস্যা সমাধানের জন্য বিশেষ নির্দেশ নির্বাচন কমিশনের আধিকারিকদের। বুধবার কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বৈঠকে চিফ ইলেকশন অফিসার মনোজ কুমার আগরওয়াল, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং দুই সিইওসহ মোট সাত সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তিন ঘণ্টা ধরে চলা বৈঠকে জেলার জেলাশাসক অনীশ দাসগুপ্ত, অতিরিক্ত জেলাশাসক প্রলয় রায় চৌধুরী (ইলেকশন) এবং ইআরওদের সঙ্গে বিডিওরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- “৮০% BLO শাসকদল ঘনিষ্ঠ”, তৃণমূলকে নিশানা করে তীব্র আক্রমণ অধীরের
বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়েছে বিএলওদের ওপর বাড়তে থাকা অতিরিক্ত কাজের চাপ। এসআইআর কাজের শুরু থেকেই ডেটা এন্ট্রি ও ডিজিটাইজেশনের মতো দায়িত্ব বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। কিছু বিএলও বিক্ষোভও করেছেন। পাশাপাশি, বিদ্যালয়ে টিচাররা বিএলওর কাজের কারণে সময়মতো স্কুলে প্রবেশ করতে পারছেন না, যার ফলে স্কুলের প্রধান শিক্ষক তাদের অনুপস্থিত হিসেবে খাতায় নথিভুক্ত করছেন। নির্বাচন কমিশনের কর্তারা জানান, এই ধরনের অনুপস্থিতি বরদাস্ত করা যাবে না এবং বিএলওদের কাজ পুরোপুরি ফোকাস করে করতে হবে।
বৈঠকে বিএলও অ্যাপের সঙ্গে সম্পর্কিত নেটওয়ার্কিং সমস্যার কথাও তুলে ধরা হয়। কমিশনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, বিএলওদের ডেটা এন্ট্রি ও পারফরম্যান্স পর্যালোচনা করা হয়। খারাপ পারফরম্যান্স থাকলে ইআরওদের সেটি নজরে রাখতে এবং পাশে থেকে কাজের গতিকে বাড়াতে পরামর্শ দেওয়া হয়।
জেলায় মোট ৪৬৮৬টি বুথ রয়েছে, যেখানে প্রত্যেকটি বুথে একজন করে বিএলও নিয়োজিত। কমিশনের তথ্য অনুযায়ী, বিএলওদের ৭০ শতাংশই স্থায়ী সরকারি কর্মী। বৈঠকে কমিশনের কর্তারা জানিয়েছে, এসআইআর কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। উল্লেখ্য, ৪ ডিসেম্বর ভোটার তালিকার ড্রাফট রোল প্রকাশিত হবে, সেক্ষেত্রে তার আগে সিডিউল মেনে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-Local Train Cancelled: শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, দুর্ভোগ এড়াতে বিশদে জানুন
বৈঠকের শেষে চিফ ইলেকশন অফিসার মনোজ কুমার আগরওয়ালা নদীয়ার কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “কোনো সমস্যা হচ্ছে না। সকলের সঙ্গে আলোচনা হয়েছে, নদীয়ার কাজ ভালো হচ্ছে।” সীমান্ত জেলা হওয়া সত্ত্বেও তিনি বলেন, “সীমান্ত বলে নয়, প্রত্যেক ভোটারই গুরুত্বপূর্ণ।” এছাড়া, বিএলওর আত্মহত্যা সংক্রান্ত কোনো খবর তিনি শুনেননি এবং বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us