/indian-express-bangla/media/media_files/2025/11/10/su-2025-11-10-12-34-46.jpg)
Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Suvendu vs Mamata: নন্দীগ্রাম আন্দোলনের বর্ষপূর্তিতে ফের তীব্র রাজনৈতিক বার্তা। নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদ শ্রদ্ধাঞ্জলি ও শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
সোমবার গোকুলনগর ও করপল্লী এলাকায় আয়োজিত বিশেষ সভা থেকে শুভেন্দু বলেন, “আসল পরিবর্তন ২০১১ সালে হয়নি। আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী এবং উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসাপরায়ণ একজনকে মুখ্যমন্ত্রী বানানোই ছিল আমাদের বড় ভুল। আমরা স্বীকার করি, সেটা আমাদের অপরাধ ছিল। তবে এবার জনগণকে সঙ্গে নিয়ে আমরা সত্যিকারের পরিবর্তন আনব। বোতল বদলেছে, কিন্তু মদ বদলায়নি।”
তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়ে শুভেন্দু আরও বলেন, “নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনও মামলা হয়নি। কিন্তু আমার নামে ৪২টি মামলা দায়ের হয়েছিল। লক্ষ্মণ শেঠের নামে ছিল ৭৩টি মামলা। তখন বুদ্ধদেববাবু বলেছিলেন, মোবাইল ট্র্যাক করো — যারা ঘটনাস্থলে ছিল না, তাদের নাম বাদ যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন ১১৭ জন নেতাকে ৯টি খুনের মামলায় ফাঁসিয়েছিলেন।”
আরও পড়ুন- Bengal SIR: ২০০২ ভোটার তালিকায় নাম নেই আপনার? কোন কোন নথি হাতের সামনে রাখবেন?
তিনি আরও অভিযোগ করেন, “নন্দীগ্রামের ঘটনায় যেসব শহিদের পরিবার আমার সঙ্গে গিয়েছিল, সেই চারটি পরিবারকে আপনি ক্ষতিপূরণের টাকা দেননি। আপনি সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি, মৌলবাদীদের নেত্রী হয়ে উঠেছেন। আমি নিজে সেই চারটি পরিবারকে ১৬ লক্ষ টাকা দিয়েছি — তারা টাকার দাবি করেনি, কিন্তু আমি বুঝেছিলাম যে BJP-তে আসার কারণেই তারা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছে।”
আরও পড়ুন-অপহৃত পাঁচ ভারতীয় নাগরিক, তোলপাড়! বিরাট অ্যাকশনে মোদী সরকার
নন্দীগ্রামের স্মরণসভা ঘিরে সোমবার এলাকায় রাজনৈতিক উত্তাপ চরমে ওঠে। বিজেপি ও তৃণমূল সমর্থকদের পাল্টা পোস্টার-যুদ্ধও চোখে পড়ে। শুভেন্দুর বক্তৃতা থেকে স্পষ্ট, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us