/indian-express-bangla/media/media_files/2026/02/06/nasiruddin-shah-mumbai-university-urdu-event-row-2026-02-06-11-18-27.jpg)
'বোমা' ফাটালেন নাসিরুদ্দিন শাহ
Naseeruddin Shah On PM Modi: প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ ফের তাঁর স্পষ্টবাদী অবস্থানের কারণে সংবাদ শিরোনামে। তবে এবার বিতর্ক কোনও চলচ্চিত্র বা নাটক ঘিরে নয়, বরং মুম্বাই বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। অভিযোগ, শেষ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়। অভিনেতার দাবি, তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাঁকে গভীরভাবে হতাশ ও আহত করেছে।
নাসিরুদ্দিন শাহের বক্তব্য অনুযায়ী, মুম্বই বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ আয়োজিত সাহিত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানটি ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনুষ্ঠানের কিছু সময় আগে তাঁকে জানানো হয়, বাতিল করা হয়েছে তার আমন্ত্রণ। এই অভিজ্ঞতার কথা তিনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি কলামে তুলে ধরেছেন।
আরও পড়ুন- বাংলায় একা লড়ার বড় সিদ্ধান্ত কংগ্রেসের, খাড়গের বাড়ির বৈঠকে ঠিক হল চূড়ান্ত রূপরেখা
অভিনেতা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে এই সিদ্ধান্তের কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা তাঁকে জানানো হয়নি। তিনি লিখেছেন, আরও বিস্ময়কর বিষয় হল, আয়োজকদের একাংশ প্রকাশ্যে দাবি করে যে নাসিরুদ্দিন শাহ নিজেই অনুষ্ঠানে যোগ দিতে আপত্তি জানিয়েছিলেন। এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়ে শাহ বলেছেন, এটি সত্যের বিকৃতি ছাড়া আর কিছুই নয়।
এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করে নাসিরুদ্দিন শাহ বলেন, তিনি অনুষ্ঠানটিকে রাজনীতির ঊর্ধ্বে ভাষা ও সাহিত্যের উদযাপন হিসেবেই দেখেছিলেন। তাঁর মতে, এই ধরনের মঞ্চে চিন্তার বৈচিত্র্যকে উৎসাহিত করা উচিত, মতবিরোধের কারণে কাউকে বাদ দেওয়া নয়।
নিজের কলামে নাসিরুদ্দিন শাহ কেন্দ্রীয় সরকারের ভূমিকাকেও কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন। তিনি ক্ষমতাসীনদের সমালোচনাকে প্রায়শই 'দেশবিরোধী' বলে দাগিয়ে দেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর লেখায় তিনি উল্লেখ করেন, “যারা নিজেদের ‘বিশ্বগুরু’ বলে মনে করেন, আমি কখনও তাদের প্রশংসা করিনি।”
আরও পড়ুন- বর্হিবিশ্বের অস্থিরতার মাঝে 'রাজার হালে' ভারতীয় অর্থনীতি, RBI-এর বড় ঘোষণায় স্বস্তির ইঙ্গিত
শাহ আরও বলেন, দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিবেশ তাঁকে গভীরভাবে উদ্বিগ্ন করছে। ছাত্র আন্দোলনকারীদের দীর্ঘদিন ধরে আটক রাখা, অপরাধীদের মুক্তি, গণপিটুনি এবং ইতিহাস ও পাঠ্যক্রমে পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি সেই ভারত নয় যেখানে তিনি বড় হয়েছেন। তাঁর মতে, ঘৃণা এখন প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে।
উল্লেখ্য, নাসিরুদ্দিন শাহ দীর্ঘদিন ধরেই সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সোচ্চার। তাঁর বক্তব্য বারবার বিতর্কের জন্ম দিলেও তিনি বরাবরই বলে আসছেন, প্রশ্ন তোলা ও ভিন্নমত প্রকাশ করাই গণতন্ত্রের মূল ভিত্তি। এই পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত মুম্বই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন- জমে উঠল খেলা! বাংলায় এসআইআর নিয়ে মমতা প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সুপ্রিম গর্জন কমিশনের
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us