/indian-express-bangla/media/media_files/2026/01/13/ipa-2026-01-13-13-46-39.jpg)
Nipah virus: প্রতীকী ছবি।
নিপা ভাইরাস নিয়ে ফের উদ্বেগ বাড়ল পশ্চিমবঙ্গে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV) নিশ্চিত করেছে, বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ রয়েছে। আক্রান্ত দু’জনই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
আরও পড়ুন- Murshidabad News: ভিন রাজ্যে নির্যাতনের মুখে, বাংলার মাটিতে জেগে উঠল মানবিকতার আলো
আক্রান্ত দুই নার্সের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা। দু’জনই বারাসতের ওই হাসপাতালেই কর্মরত এবং বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে। দু’জনকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে। খবর অনুযায়ী, মহিলা নার্স কোমায় চলে গিয়েছেন। চিকিৎসকেরা কড়া সংক্রমণ নিয়ন্ত্রণ বিধি মেনে চিকিৎসা চালালেও রোগের তীব্রতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যকর্তারা।
প্রথমে কল্যাণীর এইমস-এ পরীক্ষায় নিপাহ পজিটিভ ধরা পড়ার পর নমুনা পুনরায় পরীক্ষার জন্য পুনেতে পাঠানো হয়। সেখান থেকেই চূড়ান্তভাবে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পর থেকেই সংক্রমণ চেইন খুঁজে বের করতে তৎপর রাজ্য স্বাস্থ্য দপ্তর।
আরও পড়ুন- Madhyamik 2026: মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন
এখনও পর্যন্ত দুই নার্সের সংস্পর্শে আসা ১২০ জনেরও বেশি ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পরিবারের সদস্য, চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স চালক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। সকলকেই হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আরও সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজে ট্রেসিং প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলা নার্সকে আগে কাটোয়া ও বর্ধমানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল। সেই কারণে কাটোয়া থেকে ১০ জন (যার মধ্যে দুই জন চিকিৎসক) এবং বর্ধমান থেকে ৩৮ জন (যার মধ্যে আট জন চিকিৎসক) হোম আইসোলেশনে রয়েছেন। ইতিমধ্যেই কয়েকজন ঘনিষ্ঠকে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: ‘সব মসৃণ করে শেষে নাটক করছে রাজ্য সরকার’, SIR বিতর্কে বিস্ফোরক অধীর!
এদিকে, বর্ধমানের একটি হাসপাতালের এক হাউস স্টাফ চিকিৎসক, যিনি আক্রান্ত নার্সদের একজনের সংস্পর্শে এসেছিলেন, তাঁর হালকা জ্বর দেখা দিয়েছে। তাঁকে পর্যবেক্ষণের জন্য বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে।
সংক্রমণের উৎস এখনও স্পষ্ট নয়। স্বাস্থ্যকর্তাদের মতে, এই ভাইরাসের ক্ষেত্রে মানুষের থেকে মানুষের সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিপার সক্রমণ বাড়তে থাকায় কাটা ফল বা খেজুরের রস খেতে নিষেধ করেছেন চিকিৎসকরা।
আক্রান্ত নার্সদের সাম্প্রতিক কোনও ভিনরাজ্য সফরের ইতিহাস নেই। তবে অসুস্থ হওয়ার আগে তাঁরা পূর্ব মেদিনীপুর ও কাটোয়ায় নিজেদের বাড়িতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার একটি বিশেষ পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে। পাশাপাশি কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের পাঠানো ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিমের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন- ফের পদ্মাপাড়ে খুন হিন্দু তরতাজা যুবক, কুপিয়ে-পিটিয়ে হিংসার বলি চট্টগ্রামের সমীর


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us