/indian-express-bangla/media/media_files/2026/01/16/njp-railway-station-redevelopment-ashwini-vaishnaw-north-bengal-rail-project-2026-01-16-20-39-36.jpg)
ভোটের আগে রেল যোগাযোগে সুনামি!
কেন্দ্রীয় সরকারের হাত ধরে উত্তরবঙ্গের রেল যোগাযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেল স্টেশনকে বিশ্বমানের ট্রানজিট হাবে রূপান্তরিত করতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। শুক্রবার দুপুরে শিলিগুড়িতে পৌঁছে তিনি প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে চলা এনজেপি স্টেশনের আধুনিকীকরণ প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এই সফরকে ঘিরে উত্তরবঙ্গ তথা উত্তর-পূর্ব ভারতের রেল মানচিত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সড়কপথে সরাসরি এনজেপি স্টেশনে যান রেলমন্ত্রী। সেখানে তিনি ইঞ্জিনিয়ার ও উচ্চপদস্থ রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নির্মীয়মাণ স্টেশনের ব্লু-প্রিন্ট ও অগ্রগতির রিপোর্ট খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে অশ্বিনী বৈষ্ণব জানান, নিউ জলপাইগুড়ি কেবল একটি স্টেশন নয়, এটি উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রধান লাইফলাইন এবং ট্রানজিট পয়েন্ট। সেই কারণেই ভবিষ্যতে এখান থেকে আরও বেশি সংখ্যক প্যাসেঞ্জার ও মেল-এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে।
আরও পড়ুন- 'দাঙ্গা বাধানোর ছক BJP-র', বেলডাঙার অশান্তি ও SIR ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে ১০১টি রেল স্টেশনকে আধুনিক রূপ
রেলমন্ত্রী জানান, এনজেপিতে কোচ মেইনটেন্যান্স বা ট্রেনের বগি রক্ষণাবেক্ষণের ক্ষমতা বহুগুণ বাড়ানো হবে। আধুনিক পিটলাইন এবং কোচ কেয়ার সেন্টার তৈরি হলে এই স্টেশন থেকেই দূরপাল্লার একাধিক নতুন ট্রেন চালু করা সম্ভব হবে। এর ফলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগ আরও মজবুত হবে।
পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের বিশাল বিনিয়োগের কথাও তুলে ধরেন রেলমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর (narendra modi) স্বপ্নের ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের অধীনে রাজ্যের মোট ১০১টি রেল স্টেশনকে আধুনিক রূপ দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লক্ষ্য হল প্রতিটি বড় স্টেশনকে একটি আধুনিক ‘সিটি সেন্টার’-এ পরিণত করা।
ভারতীয় রেলের (Indian Rail ) এই আধুনিকীকরণের অংশ হিসেবে স্টেশনগুলিতে উন্নতমানের ওয়েটিং রুম, আলাদা প্রবেশ ও প্রস্থান পথ, এসক্যালেটর, লিফটের পাশাপাশি স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকে তুলে ধরতে বিশেষ প্রদর্শনী কেন্দ্র তৈরি করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন- বিশ্বের উচ্চতম মহাকাল মন্দির! ভোটের আগে বাঙালি আস্মিতায় শান
নতুন ১২টি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন
রেলমন্ত্রী আরও জানান, শনিবার পশ্চিমবঙ্গের রেল ( Eastern Railway) যোগাযোগের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত আসতে চলেছে। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি দেশের প্রথম অত্যাধুনিক স্লিপার কোচের বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। বর্তমানে সিটিং বন্দে ভারতের সাফল্যের পর, এই স্লিপার সংস্করণ দীর্ঘ দূরত্বের যাত্রায় যাত্রীদের স্বাচ্ছন্দ্য বহুগুণ বাড়াবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও প্রধানমন্ত্রী শনিবারই পশ্চিমবঙ্গের জন্য আরও ১২টি নতুন ট্রেনের সূচনা করবেন। এই ট্রেনগুলির মধ্যে একাধিক প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন থাকছে, যা রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে কলকাতার যোগাযোগকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন- 'বিজেপির লোকেরা ERO অফিসে গেলে DJ শোনানোর দাওয়াই'
রেলমন্ত্রী বলেন, "আগে বাংলায় রেল প্রকল্পগুলির ক্ষেত্রে জমি সংক্রান্ত সমস্যা ও প্রশাসনিক ধীরগতির কারণে কাজের গতি ব্যাহত হচ্ছিল। বর্তমানে সেই বাধা কাটিয়ে উন্নয়নের গতি বাড়ানো হয়েছে। উত্তরবঙ্গের পর্যটন ও বাণিজ্যিক স্বার্থে এনজেপি স্টেশনকে কেন্দ্র করে একটি মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।"
রেলমন্ত্রীর এই সফরের পর শিলিগুড়ি শিল্পাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যেই এনজেপি স্টেশনের আমূল রূপান্তর ঘটিয়ে একে আন্তর্জাতিক মানের রেল স্টেশনে পরিণত করা হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন- মৌনী অমাবস্যায় বিশেষ পদ্ধতি শনি-রাহু-কেতুর দোষ থেকে মুক্তি!জানুন শুভ সময়, নিশ্চিত প্রতিকার


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us