/indian-express-bangla/media/media_files/2025/12/26/north-bengal-hotels-refuse-bangladeshis-protest-hindu-attacks-2025-12-26-13-42-50.jpg)
'বাংলাদেশিদের ঘর ভাড়া নয়', হিন্দু নির্যাতনে বিরাট পদক্ষেপ
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন উত্তরবঙ্গের হোটেল মালিকরা। মালদা ও শিলিগুড়ির হোটেল মালিকদের সংগঠন যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে, আপাতত কোনও বাংলাদেশি নাগরিককে তারা হোটেল ভাড়া দেবেন না। দীপু চন্দ্র দাস ও অমৃত মণ্ডল নামে দুই হিন্দু যুবকের হত্যার প্রতিবাদে এবং প্রতিবেশী দেশের ক্রমবর্ধমান অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের জানানো হয়েছে।
হোটেল মালিকদের বক্তব্য, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জেরে সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার হামলা ও নির্যাতনের ঘটনা সামনে আসছে। নির্বাচনের প্রাক্কালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং দেশজুড়ে হিংসার ছবি ধরা পড়ছে। এই পরিস্থিতিতে ভারতের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে ।
হোটেল মালিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, এর আগেও একাধিকবার বাংলাদেশি নাগরিকদের হোটেল না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও মানবিক কারণ দেখিয়ে মেডিকেল ভিসায় ভারতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে ছাড় দেওয়া হত। তবে এবার সেই ছাড়ও প্রত্যাহার করা হয়েছে। সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, মেডিকেল বা স্টুডেন্ট ভিসায় এলেও কোনও বাংলাদেশি নাগরিককে হোটেল ভাড়া দেওয়া হবে না।
শিলিগুড়ি হোটেল মালিক সমিতির এক প্রতিনিধি জানান, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং সেভেন সিস্টার্স ও শিলিগুড়ি করিডোর নিয়ে কিছু নেতার উসকানিমূলক মন্তব্য আমরা মেনে নিতে পারছি না। এরই প্রতিবাদে এই সিদ্ধান্ত।” তিনি জানান, তাঁদের সংগঠনের আওতায় থাকা ১৮২টি হোটেল ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছে। পাশাপাশি আরও ৩০ থেকে ৪০টি হোটেল একই পথে হাঁটার কথা ঘোষণা করেছে।
প্রসঙ্গত, গত বছরের শুরুতেও বাংলাদেশে উত্তেজনা ও হিন্দু নির্যাতনের অভিযোগ সামনে আসার পর শিলিগুড়ি ও কলকাতাসহ বিভিন্ন জায়গায় বাংলাদেশি নাগরিকদের হোটেল না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার ফের সেই সিদ্ধান্ত কার্যকর করা হল। হোটেল মালিকদের দাবি, বাংলাদেশে বারবার হিন্দুদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এবং তারই প্রতিবাদ ও সংহতি জানাতে এই পদক্ষেপ।
আরও পড়ুন-বাংলাদেশে একের পর এক হিন্দু যুবক খুন, সাধুদের নিয়ে হাই কমিশনে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা
আরও পড়ুন- মোবাইল কেড়ে জোর করে দেহ ব্যবসায়, তারপর? বাংলাদেশি তরুণীর বিস্ফোরক জবানবন্দি ফাঁস
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us