/indian-express-bangla/media/media_files/2025/12/25/odisha-migrant-worker-killed-bangladeshi-suspicion-murshidabad-sambalpur-2025-12-25-14-26-00.jpg)
ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন বাংলার শ্রমিককে
উড়িষ্যায় কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। মর্মান্তিক ঘটনা উড়িষ্যার সম্বলপুর জেলায়। মৃত যুবকের নাম জুয়েল শেখ (২১)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার চকবাহাদুরপুর এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজের সন্ধানে কয়েকদিন আগেই উড়িষ্যার সম্বলপুরে গিয়েছিলেন জুয়েল। সেখানে অন্যান্য বাংলার শ্রমিকদের সঙ্গে নির্মাণকাজে যুক্ত ছিলেন তিনি। অভিযোগ, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তাঁদের বাংলাদেশি সন্দেহে ঘরে প্রবেশ করে বেধড়ক মারধর করে। নির্মম মারধরের জেরেই গুরুতর আহত হন জুয়েল শেখ। পরে তাঁর মৃত্যু হয়।
শুধু জুয়েলই নন, তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন শ্রমিককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃত যুবকের গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র ছেলে সন্তানের এমন অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা ও আত্মীয়স্বজনেরা।
পরিবারের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ন্যায়বিচার মিলবে না। পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সেই দাবিও তুলেছেন তাঁরা।
ঘটনাটি সামনে আসার পর সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য না মিললেও পরিবারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। বাংলার যুবককে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন- 'আর কতদিন এভাবে হিন্দুদের পুড়ে মরতে হবে'? ইউনূসের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার লেখিকা তসলিমা নাসরিনের
আরও পড়ুন-ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে
আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ
আরও পড়ুন-'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us