/indian-express-bangla/media/media_files/2025/02/18/nLim0kkIfSsdNJm0ZnV6.jpg)
প্রতীকী ছবি। Photograph: (ফাইল ছবি)
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় অবশেষে এল রায়। দীর্ঘ তিন বছর ধরে মামলা চলার পর ব্যারাকপুর মহকুমা আদালত শুক্রবার এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তিন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সাজাপ্রাপ্তরা হল অমিত পণ্ডিত, বাপি পণ্ডিত ও জিয়ারুল মণ্ডল। আদালতের এই রায়ে কিছুটা স্বস্তি ফিরলেও নিহত কাউন্সিলরের পরিবার এখনও সম্পূর্ণ বিচার পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৩ মার্চ পানিহাটি এলাকায় প্রকাশ্য রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে। প্রকাশ্য রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তদন্তে উঠে আসে, পূর্বপরিকল্পিতভাবেই এই খুন করা হয়েছিল এবং অনুপম দত্তকে খুনের জন্য চার লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। সেই সুপারির টাকাতেই ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে খুনের ছক কষা হয় বলে আদালতে প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live Updates: ‘সবকিছু করার পরও আক্রমণ!’ যুবভারতী নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং একে একে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ, নথি পেশ এবং যুক্তিতর্কের পর অবশেষে আদালত তিন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড এবং সমাজে দৃষ্টান্ত স্থাপন করতেই কড়া শাস্তির প্রয়োজন ছিল।
তবে রায় ঘোষণার পর অনুপম দত্তের স্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁরা এখনও সম্পূর্ণ বিচার পাননি। তাঁর বক্তব্য, “শুধু হাতিয়ার ধরা লোকেরা শাস্তি পেলেই হবে না। মাথারা আগে সামনে আসুক। তদন্ত এখনও অসম্পূর্ণ। নেপথ্যে থেকে কারা দোষীদের সাহায্য করেছে, কারা সুপারি দিয়েছে, তাদের নাম প্রকাশ্যে আনা হোক।”
এদিকে এই মামলার রায়কে রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পানিহাটির এই হত্যাকাণ্ড রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন ফেলেছিল। তিন বছর পর আদালতের রায়ে অপরাধীদের শাস্তি নিশ্চিত হলেও, নিহত কাউন্সিলরের পরিবারের দাবি, এই খুনের নেপথ্যের পুরো ষড়যন্ত্র উদ্ঘাটন না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us