/indian-express-bangla/media/media_files/2025/12/18/l3-2025-12-18-19-43-09.jpg)
বড়দিনের আগেই সেজে উঠছে শহর কলকাতার প্রাণকেন্দ্র। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা মেট্রো। বুধবার জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো রেলওয়ে জানিয়েছে, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনগুলিতে নিরাপত্তা জোরদার করা হবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই দিন যাত্রী চলাচল নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত আরপিএফ কর্মী মোতায়েন করা হবে। বিশেষ করে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে মহিলা ও শিশুদের সুবিধার্থে পর্যাপ্ত সংখ্যক মহিলা আরপিএফ অফিসার ও কর্মী থাকবেন। পাশাপাশি পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ টিম এবং একটি কুইক রেসপন্স টিম (QRT) প্রস্তুত রাখা হবে। এছাড়াও, রিয়েল টাইম ভিত্তিতে সিসিটিভি নজরদারি চলবে। নাশকতা রোধে ডগ স্কোয়াডের সাহায্যে অ্যান্টি-সাবোটাজ তল্লাশিও চালানো হবে। মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পার্ক স্ট্রিট স্টেশনে একজন অফিসার ও চারজন কর্মী নিয়ে একটি অতিরিক্ত বিশেষ দল মোতায়েন করা হবে। পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনে পর্যাপ্ত আরপিএফ কর্মী থাকবেন, যাঁরা যাত্রীদের প্রয়োজনীয় দিকনির্দেশ, সাহায্য ও সহযোগিতা করবেন। সবশেষে কলকাতা মেট্রোর তরফে সাধারণ যাত্রীদের মেট্রো কর্মী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে, যাতে বড়দিনের দিনে যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখা যায়।
বড়দিনে পার্ক স্ট্রিটে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, জারি বিশেষ নির্দেশিকা
বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় যানজট ও ভিড় সামাল দিতে ২৪ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টা পর্যন্ত একাধিক ট্রাফিক বিধিনিষেধ জারি করেছে কলকাতা পুলিশ। এই সময় মূলত পণ্যবাহী গাড়ির চলাচলে কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হবে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বড়দিনের রাতে পার্ক স্ট্রিট, এজেসি বসু রোড, জওহরলাল নেহরু রোড, রাসেল স্ট্রিট-সহ বিস্তীর্ণ এলাকায় যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সেই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক রাস্তা একমুখী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, শেক্সপিয়র সরণিতে পূর্ব থেকে পশ্চিমমুখী যান চলাচল করবে, আর হো চি মিন সরণি থাকবে পশ্চিম থেকে পূর্বমুখী ওয়ান-ওয়ে। মিডলটন স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটেও নির্দিষ্ট দিকনির্দেশ মেনে গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে। রয়ড স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, পার্ক স্ট্রিট ও রাসেল স্ট্রিটের সংযোগস্থল থেকে রাসেল স্ট্রিটে ডানদিকে মোড় নেওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে।পুলিশ জানিয়েছে, পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী যে কোনও সময় ক্যাথেড্রাল রোডে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। প্রয়োজনে শেক্সপিয়র সরণি, ক্যামাক স্ট্রিট, কিড স্ট্রিট এবং ফ্রি স্কুল স্ট্রিটেও অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
যান চলাচল স্বাভাবিক রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তাকে ‘নো পার্কিং জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই তালিকায় রয়েছে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট, রয়ড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং উড স্ট্রিট। এছাড়াও বড়দিনে সম্ভাব্য ভিড়ের কথা মাথায় রেখে ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারামণ্ডল, আলিপুর চিড়িয়াখানা, কালীঘাট, ঠনঠনিয়া কালীবাড়ি, বিড়লা মন্দির, মিলেনিয়াম পার্ক এবং নিউ মার্কেট এলাকায় গাড়ি পার্কিং সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। নিরাপত্তার দিক থেকেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাজুড়ে নজরদারির জন্য ওয়াচ টাওয়ার, ড্রোন, কুইক রেসপন্স টিম এবং অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হবে। পার্ক স্ট্রিট ও আশপাশের এলাকায় মোট প্রায় ১,৫০০ পুলিশ মোতায়েন থাকবে, যাঁদের মধ্যে ইউনিফর্ম ও সাদা পোশাকের পুলিশ কর্মীরাও থাকবেন।এছাড়াও, পার্ক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, শর্ট স্ট্রিট, উড স্ট্রিট, হো চি মিন সরণি, কামাক স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং এলিয়ট রোডে পার্কিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
আরও পড়ুন- 'আর কতদিন এভাবে হিন্দুদের পুড়ে মরতে হবে'? ইউনূসের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার লেখিকা তসলিমা নাসরিনের
আরও পড়ুন-ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে
আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ
আরও পড়ুন-'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us