/indian-express-bangla/media/media_files/2026/01/17/modi-2026-01-17-15-55-43.jpg)
Beldanga Violence: বেলডাঙার অশান্তি নিয়ে শাসকদল তৃণমূলকে তুলোধনা প্রধানমন্ত্রীর।
West Bengal Assembly Election 2026: বিধানসভা নির্বাচনের আগে মালদার সভা থেকে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ সফরে এসে সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক মঞ্চ থেকে মুর্শিদাবাদের বেলডাঙার অশান্তি এবং অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে তুলোধনা করলেন তিনি। বিশেষত, বেলডাঙায় খবর সংগ্রহ করতে গিয়ে এক মহিলা সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র ভাষায় নিন্দা জানালেন নমো।
‘বাংলায় মেয়েরা সুরক্ষিত নয়’
বেলডাঙার সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ টেনে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। মহিলা সাংবাদিক নিগ্রহের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মোদী বলেন, “বাংলায় মেয়েদের কোনও সুরক্ষা নেই। আমরা দেখলাম, তৃণমূলের গুণ্ডারা এক মহিলা সাংবাদিককে নির্মমভাবে অত্যাচার করেছে, মেরেছে।” তাঁর অভিযোগ, রাজ্যে মা-বোনেদের হেনস্থা করা হচ্ছে এবং অপরাধের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী।
তৃণমূল ও অনুপ্রবেশকারী ‘জোট’ ভাঙার ডাক
মালদা ও মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী জেলাগুলিতে দাঙ্গার পরিবেশ তৈরির জন্য সরাসরি অনুপ্রবেশকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “অনুপ্রবেশ বাংলার বড় সমস্যা। তৃণমূল সরকার ভোটব্যাঙ্কের স্বার্থে অনুপ্রবেশকারীদের রক্ষা করছে। এখানকার সিন্ডিকেট এবং নেতারা অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়ে খেলা খেলছে।”
আরও পড়ুন-Beldanga Violence: ধৈর্যের বাঁধ ভেঙেছে! বেলডাঙায় রুদ্রমূর্তি পুলিশের, লাঠিপেটায় সাফ জাতীয় সড়ক
তিনি আরও অভিযোগ করেন, “এই অনুপ্রবেশকারীরাই স্থানীয়দের কর্মসংস্থানে থাবা বসাচ্ছে এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করছে। মালদা-মুর্শিদাবাদে দাঙ্গার পরিবেশ তৈরির পিছনেও এদের হাত রয়েছে।”
২০২৬-এ সরকার গড়ার ডাক ও প্রতিশ্রুতি
আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গঠনের ব্যাপারে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি জনতাকে আশ্বস্ত করে বলেন, “বিজেপি সরকার গঠিত হলেই অনুপ্রবেশকারী এবং এখানকার ক্ষমতাশালী লোকেদের এই অশুভ জোট ভাঙা হবে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
উন্নয়ন ও রাজনীতি
এদিন রাজনৈতিক সভার আগে মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম 'বন্দে ভারত স্লিপার' ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। তবে সরকারি মঞ্চ থেকে নামতেই দলীয় জনসভায় তিনি ছিলেন আগাগোড়া আক্রমণাত্মক। ভোটের মুখে মালদা থেকে মোদীর এই চড়া সুর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us