/indian-express-bangla/media/media_files/2026/02/23/pm-narendra-modi-open-letter-bengal-joy-maa-kali-bjp-assembly-election-2026-02-23-12-16-49.jpg)
বাঙালি অস্মিতায় শান, ভোটের আগে রাজ্যবাসীকে খোলা চিঠি মোদীর
ভোটের মুখে আবেগঘন বার্তা প্রধানমন্ত্রীর, “সোনার বাংলা গড়ার” অঙ্গীকার মোদীর।
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যবাসীর উদ্দেশে এবার খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রকাশিত ওই চিঠিতে মোদী প্রথমেই বাঙালি অস্মিতায় শান দিয়ে ‘জয় মা কালী’ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী চিঠিটি শুরু করেন। পাশাপাশি অনুপ্রবেশের প্রসঙ্গ উত্থাপন করে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।মহিলাদের নিরাপত্তা বিজেপি-র অগ্রাধিকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী।
ভোটগ্রহণের আর মাত্র এক মাস বাকি। তার মধ্যেই বাংলার ভোটারদের উদ্দেশে আবেগঘন চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রকাশিত ওই চিঠিতে তিনি বঙ্গবাসীকে আবেদন জানিয়ে বলেন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা নির্ভর করছে মানুষের বিবেচনাপ্রসূত সিদ্ধান্তের উপর।
চিঠিতে প্রধানমন্ত্রী লেখেন, তাঁর স্বপ্নের “সোনার বাংলা”-র নারী, পুরুষ ও শিশুরা আজ চরম বঞ্চনার শিকার। তাঁদের কষ্ট, যন্ত্রণা, বঞ্চনা তাঁর হৃদয়কে ভারাক্রান্ত করছে। তিনি জানান, অন্তরের অন্তঃস্থল থেকে তিনি পশ্চিমবঙ্গকে সমৃদ্ধ ও উন্নত রাজ্যে রূপান্তরিত করার শপথ নিয়েছেন। “উন্নয়ন ও পরিবর্তনের পথে রাজ্যকে এগিয়ে নিতে হবে”,এমন বার্তাও দেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, এক সময় স্বামী বিবেকানন্দ ও শ্রী অরবিন্দ-এর মতো মনীষীদের স্বপ্নে দেখা পশ্চিমবঙ্গ আজ সংকীর্ণ ভোটব্যাঙ্ক রাজনীতি, হিংসা ও অরাজকতার দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাজ্যের মানুষকে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন-ফের সোনা-রূপার বাজারে বিস্ফোরণ, দেশে দামের সুনামি উঠতেই তোলপাড়
চিঠিতে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সীমান্তবর্তী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা গুরুতর আকার নিয়েছে এবং তা রাজ্যের নিরাপত্তা ও জনজীবনে প্রভাব ফেলছে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, নারীদের সুরক্ষা নিশ্চিত করা বিজেপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি। নির্বাচনের আগে এই বার্তা রাজ্যের ভোটরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে।
চিঠিতে মোদী “উন্নত বাংলা” (Vikshit Bengal) গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, রাজ্যে নতুন কর্মসংস্থান ও জনজীবন উন্নয়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি তিনি রাজ্যবাসীকে আসন্ন নির্বাচনে বিজেপিকে সমর্থন করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর বক্তব্য, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ভর করছে রাজ্যের মানুষের সিদ্ধান্তের উপরেই।
আরও পড়ুন-কলকাতায় জঙ্গি হানা রুখল এসটিএফ? মালদার উমরের গ্রেফতারিতে ঘুম উড়ল গোয়েন্দাদের!
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্লোগান ও বার্তার এই পরিবর্তন বিজেপির কৌশলগত অবস্থান স্পষ্ট করছে। বাংলার আঞ্চলিক আবেগ ও ধর্মীয়-সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সাযুজ্য রেখে প্রচারকে আরও প্রাসঙ্গিক করে তুলতেই এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us