/indian-express-bangla/media/media_files/2026/01/07/congress-leader-prithviraj-chavan-controversial-remark-2026-01-07-14-11-25.jpg)
'ট্রাম্প কি প্রধানমন্ত্রী মোদীকেও অপহরণ করবেন?'
ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটকে ঘিরে করা এক মন্তব্যকে কেন্দ্র করে ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের বক্তব্যকে ঘিরে শাসক-বিরোধী শিবিরে শুরু হয়েছে তুমুল তরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, ভেনেজুয়েলার মতো পরিস্থিতি কি ভারতে ঘটতে পারে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সে দেশের রাষ্ট্রপতির মতো আচরণ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও করতে পারেন কি না!
Amartya Sen: অমর্ত্য সেনকে SIR নোটিশ? অভিষেকের দাবি ওড়ালেন নোবেলজয়ীর ঘনিষ্ঠের
সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে পৃথ্বীরাজ বলেন, “ভেনেজুয়েলায় যা ঘটেছে, তেমন কিছু কি ভারতে ঘটবে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কংগ্রেস নেতার এই মন্তব্য এমন এক সময়ে সামনে আসে যখন ডোনাল্ড ট্রাম্প তাঁর শর্ত না মানলে ভারতের উপর শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে বলে দাবি করা হচ্ছে। পৃথ্বীরাজ চৌহান বলেন, “৫০ শতাংশ শুল্ক আরোপ করে কোনও বাণিজ্য সম্ভব নয়। কার্যত এটি ভারত-মার্কিন বাণিজ্য, বিশেষ করে ভারত থেকে আমেরিকায় পণ্য রপ্তানি বন্ধ করারই নামান্তর। যেহেতু সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা যায় না, তাই শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভারতকে এর ভার বহন করতে হবে।”
এই ইস্যুতে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, “কংগ্রেস প্রতিদিন আরও নিচে নামছে। পৃথ্বীরাজ চৌহান নির্লজ্জভাবে ভারতের পরিস্থিতির সঙ্গে ভেনেজুয়েলার তুলনা করছেন। এতে কংগ্রেসের ভারতবিরোধী মানসিকতা স্পষ্ট হয়ে উঠেছে। রাহুল গান্ধী ভারতে অরাজকতা চান এবং বিদেশি হস্তক্ষেপ কামনা করেন।”
এই বিতর্কের মধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি রাশিয়ার তেল কেনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য উদ্ধৃত করে বলেন, “আমি বুঝতে পারছি না কেন মোদী তাঁর কাছে মাথা নত করছেন। এটা দেশের জন্য ক্ষতিকর। আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী, কারও কথায় চলার প্রয়োজন নেই।”
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন পৃথ্বীরাজ চৌহান। গত মাসে ‘অপারেশন সিন্দুর’ নিয়ে মন্তব্য করে তিনি সমালোচনার মুখে পড়েন। সে সময় তিনি দাবি করেছিলেন, অভিযানের প্রথম দিনেই ভারত পাকিস্তানের কাছে পিছিয়ে পড়েছিল।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলায় একটি বড় অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে আমেরিকায় নিয়ে গেছে বলে দাবি করেন ট্রাম্প। বর্তমানে তাঁদের বিরুদ্ধে সেখানে বিচার প্রক্রিয়া চলছে।
West Bengal News Live Updates: পাখির চোখ বিধানসভা ভোট, আজ দুই দিনাজপুরে অভিষেকের মেগা কর্মসূচি
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us