/indian-express-bangla/media/media_files/2025/01/09/CBF7JvTT9ozUtGIcku8h.jpg)
ভোটের আগে ধুন্ধুমার কান্ড
প্রায় ২৫ দিন টানাপোড়নের পর অবশেষে তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন বিভূতি ঘোষ। এদিন সংশ্লিষ্ট পুরসভার তৃণমূল এবং বিজেপি কাউন্সিলরদের উপস্থিতিতেই মালদা সদর মহকুমা শাসক সুমন মজুমদার নতুন চেয়ারম্যান বিভূতি ঘোষকে শপথ বাক্য পাঠ করান। এরপর ফুলের মালা পরিয়ে চেয়ারম্যান বিভূতি ঘোষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলের অন্যান্য কাউন্সিলরেরা।
আরও পড়ুন- রূপার দামে ভূমিকম্প! ২ লাখ পার, আকাশছোঁয়া সোনাও
একইভাবে এদিন চেয়ারম্যান সঙ্গে উপস্থিত হয়েছিলেন ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম। যদিও ভাইস চেয়ারম্যানের কোনও রদবদল হয় নি। তবে এদিন পুরসভায় নতুন চেয়ারম্যান হিসাবে বিভূতি ঘোষ শপথ নিতেই অসন্তোষ প্রকাশ করে প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, 'জেলা জুড়ে বিগত দিনের লোকসভা নির্বাচনের ফল খারাপ হয়েছিল। বাদ যায়নি ইংরেজবাজার পুরসভা থেকে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা কেন্দ্রও। অথচ যেন আমাকে বলির পাঁঠা হতে হলো। তবুও আমি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগেই চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়েছিলাম। এদিন এই চেয়ারম্যানের শপথ বাক্য অনুষ্ঠানে সমর্থন জানিয়ে নিজে উপস্থিত হয়েছি'।
সংশ্লিষ্ট পুরসভা সূত্রে জানা গিয়েছে,পুরাতন মালদা পুরসভার মোট আসন সংখ্যা ২০ টি। তৃণমূলের দখলে রয়েছে ১৮টি এবং বিজেপির দখলে রয়েছে ২টি। বুধবার দুপুরে পুরাতন মালদা পুরসভায় চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত হয়েছিলেন। এছাড়াও ছিলেন মালদা সদর মহকুমা শাসক সুমন মজুমদার। নতুন চেয়ারম্যান হলেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল দলের কাউন্সিলর বিভূতি ঘোষ। প্রাক্তন চেয়ারম্যান ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক ঘোষও এদিনের এই শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।
এদিন অভিমানী প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, 'দোষ তো সবাই করলো, প্রতিটা বিধানসভা কেন্দ্রে ফল খারাপ হলো। ইংরেজবাজার পুরসভাতে ভরাডুবি হয়েছে। তৃণমূলের গত লোকসভার ফলের বিচার করেই যে পদক্ষেপ রাজ্য নেতৃত্ব নিয়েছিল সেটা হয়তো আমার ঘাড়ে একা কোপ পড়লো। তাতে কোনও আক্ষেপ নেই। দলের জন্য সর্বস্ব বিলিয়ে দিয়েছি। এই পুরসভা অনেক পিছিয়ে ছিল। রাস্তাঘাট থেকে সার্বিক উন্নয়ন সবই করেছি। তবুও বলবো দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা মাথায় পেতে নিয়েছি। তবে যেভাবে এদিন চেয়ারম্যান গঠনের পর আতশবাজি ফাটানো হয়েছে এবং আবির খেলা হয়েছে,সেটা দেখে মনে হচ্ছে আমরা যেন বিজেপিকে হারিয়ে নতুন ভাবে বোর্ড দখল করেছি। এটা মানুষের কাছে একটা বাজে বার্তা হিসাবে পৌঁছাবে।
এদিন তৃণমূল দলের চেয়ারম্যান হিসাবে বিভূতি ঘোষ দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ওয়ার্ডের দলীয় কাউন্সিলর ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তবে নতুন চেয়ারম্যানের সঙ্গ থেকে নিজেকে সরিয়ে রাখেন প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ। সেই মুহূর্তে সভাকক্ষ ছেড়ে চলে যান তিনি। পাশাপাশি একইভাবে বিজেপির দুই কাউন্সিলর প্রথমে উপস্থিত থাকলেও পরে তারা চলে যান। চেয়ারম্যানের শপথ বাক্যের পর নিজের অফিস রুমে এসে বসেন বিভূতি ঘোষ। এরপর পুরসভার বাইরে বেরিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা বিনিময়ে মিশে যান তিনি। পুরাতন মালদা পুরসভা থেকে থানা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পায়ে হেঁটে মিছিল করেন চেয়ারম্যান।
আরও পড়ুন- West Bengal News Live Updates: ‘সবকিছু করার পরও আক্রমণ!’ যুবভারতী নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক
পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান বিভূতি ঘোষ বলেন, দল যেভাবে আমাকে যোগ্য মর্যাদা দিয়েছে তাতে আমি আরও উন্নয়নমূলক কাজ করতে বদ্ধপরিকর হবো। সকলকে একসাথে নিয়ে কাজ করতে হবে। এই পুরসভার কোথায় কি সার্বিক উন্নয়নের কাজ রয়েছে সেসবগুলিও খোঁজ নিয়ে সমাধান করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তবে এবার নিয়ে আমি চারবারের পুরসভার চেয়ারম্যান হলাম। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই আগামীতেই পুর নাগরিকদের পরিষেবা দিয়ে যাব।
এদিন কার্তিক ঘোষ প্রসঙ্গে চেয়ারম্যান বিভূতি ঘোষ বলেন,'দলের মধ্যে কোন ভেদাভেদ বা গোষ্ঠীকোন্দল নেই ।উনি এদিন আমার চেয়ারম্যান শপথ বাক্যে পাঠে উপস্থিত হয়ে সমর্থন জানিয়েছেন। এদিকে প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, 'কোথাও কোনও সমস্যা থাকলে অবশ্যই সেটা আমরা দলগতভাবে বসে মিটিয়ে ফেলব। এখানে কোনরকম ভেদাভেদের বিষয় নেই। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতই পুরাতন মালদা পুরসভায় নতুন চেয়ারম্যান হয়েছেন বিভূতি ঘোষ। আগামীতে আমাদের লক্ষ্য মালদার প্রতিটা বিধানসভা কেন্দ্র দখল করা।
আরও পড়ুন- পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত হত্যা মামলা: দোষী তিনজনের দৃষ্টান্তমূলক সাজা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us