/indian-express-bangla/media/media_files/2025/11/06/kolkata-high-court-directs-eci-to-file-affidavit-on-sir-process-west-bengal-2025-11-06-14-43-50.jpg)
SIR নিয়ে তোলপাড় ফেলা কান্ড বাংলায়
West Bengal SIR 2025: বাংলায় চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া ঘিরে উদ্বেগের জেরে এক আদিবাসী বৃদ্ধের আত্মহত্যার অভিযোগকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই এবার দায়ের হল এফআইআর। বুধবার এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুরুলিয়ার পাড়া থানায় মৃতের ছেলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার ২৩ দিন পর এই মামলা রুজু করা হয়েছে ।
আরও পড়ুন- মন্ত্রীর রোষানলে সিপিএম, সভা চলাকালীন মাইক কেড়ে নেওয়ার অভিযোগে তোলপাড়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এফআইআরে নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা এবং ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এফআইআরে নির্দিষ্ট করে কোনও আধিকারিকের নাম উল্লেখ করা হয়নি। মৃত আদিবাসী বৃদ্ধের নাম দুর্জন মাঝি (৮২)। তিনি পুরুলিয়া জেলার পাড়া ব্লকের চৌতলা গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর ব্লক অফিসে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন সংক্রান্ত শুনানিতে হাজির হওয়ার কথা ছিল তাঁর। সেই শুনানির ঠিক কয়েক ঘণ্টা আগেই তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ।
মৃতের পরিবারের দাবি, SIR সংক্রান্ত নোটিস এবং শুনানির বিষয়টি নিয়ে দুর্জন মাঝি প্রবল মানসিক চাপে ভুগছিলেন। পরিবারের অভিযোগ, চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে উদ্বেগ ও আতঙ্কের কারণেই তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
আরও পড়ুন- বাংলাদেশে মেধাবী হিন্দু কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যু, অবশেষে বিরাট পদক্ষেপ নিয়েই নিল ভারত
এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, SIR প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর নিয়ে অভিযোগ জানিয়ে লাগাতার আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে প্রায় ১০০জনের কাছাকাছি মানুষের মৃত্যুর জন্য কমিশনের এসআইআর প্রক্রিয়া দায়ী বলে দাবি করেছে তৃণমূল। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত বিজেপি কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, পুরুলিয়া জেলায় এটি একমাত্র ঘটনা নয়। সম্প্রতি মানবাজার এলাকার এক ৩২ বছর বয়সি আদিবাসী যুবকও SIR সংক্রান্ত শুনানির নোটিস পাওয়ার পর আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবারের দাবি। পরপর এমন ঘটনার জেরে জেলাজুড়ে SIR প্রক্রিয়া নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
আরও পড়ুন- সুপ্রিম নির্দেশের জের! ফের পিছোবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us