/indian-express-bangla/media/media_files/2026/01/07/bangladeshi-2026-01-07-14-11-45.jpg)
Bangladeshi arrest: দুই বাংলাদেশি গ্রেফতার।
ফের সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকরী গ্রেফতার। মুর্শিদাবাদের ( Murshidabad ) রঘুনাথগঞ্জে ফের বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা সামনে এল। মঙ্গলবার রাতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ রঘুনাথগঞ্জের মিঠিপুর এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার ( Bangladeshi arrest) করেছে। ধৃতদের নাম নূর মোহাম্মদ ও মোহাম্মদ খায়রুল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দু’জনই বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে সন্দেহজনকভাবে ওই দু’জনকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের একাংশ পুলিশকে খবর দেয়। এরপরই রঘুনাথগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দু’জনকে আটক করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে ধৃতদের কাছ থেকে কোনও বৈধ ভারতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। কীভাবে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে এবং কতদিন ধরে তারা এই এলাকায় ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও তাদের ভারতে আসার উদ্দেশ্য কী ছিল, কোনও দালালচক্র বা অনুপ্রবেশ চক্রের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে কি না, সেসব বিষয়েও তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন-ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে?
বুধবার ধৃত দু’জনকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাতে পারে বলে জানা গিয়েছে। সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে সাম্প্রতিক সময়ে একাধিক বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
এই ঘটনার পর রঘুনাথগঞ্জ এবং সংলগ্ন এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রুখতে প্রশাসন তৎপর হয়েছে বলে দাবি পুলিশের। পুরো ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থার সাহায্য নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ প্রশাসন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us