/indian-express-bangla/media/media_files/2026/01/01/raiganj-youth-tmc-vice-president-nabendu-ghosh-murder-new-year-night-2026-01-01-20-40-13.jpg)
নব্যেন্দু ঘোষ
TMC LEADER MURDER: বর্ষবরণের রাতে আনন্দের মেজাজ নিমেষেই বিষাদে পরিণত হলো রায়গঞ্জের মোহনবাটি এলাকায়। বাড়ির সামনে আয়োজিত পার্টি চলাকালীন দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারালেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি নব্যেন্দু ঘোষ (৩৭)। এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, আততায়ীরা সম্ভবত মৃতের পূর্ব পরিচিত। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দু’জনকে আটক করেছে।
​বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ যখন শহরজুড়ে উৎসবের আমেজ, তখনই নব্যেন্দু বাবুর ওপর হামলা চালানো হয়। পুলিশ সূত্রে খবর, অত্যন্ত কাছ থেকে তাঁকে আঘাত করা হয়েছে। রায়গঞ্জ থানার এক পদস্থ আধিকারিক জানান, "আমরা ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ঘটনার সময় নব্যেন্দুর সঙ্গে কারা ছিলেন এবং কারা সেই সময় এলাকা দিয়ে যাতায়াত করেছেন, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে।"
​তদন্তকারী আধিকারিকদের মতে, সবচেয়ে বড় রহস্য লুকিয়ে রয়েছে নব্যেন্দুর সেই বন্ধুদের মধ্যে, যারা তাঁকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণার পরপরই তারা হাসপাতাল থেকে চম্পট দেয়। পুলিশ জানিয়েছে, "যাঁরা তাঁকে হাসপাতালে এনেছিলেন, তাঁদের পরিচয় এবং কেন তাঁরা পুলিশ আসার আগেই পালিয়ে গেলেন এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে তদন্ত চলছে।" আটক দুই ব্যক্তির বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে বলেও জানা গিয়েছে।
​নব্যেন্দু ঘোষ কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন জিএস হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে তাঁর গভীর প্রভাব ছিল। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রায়গঞ্জ মেডিকেল কলেজে ভিড় জমান তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্ত দাস সহ জেলা তৃণমূল ও কংগ্রেসের বহু নেতা-কর্মী।
​
উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, "নব্যেন্দু দক্ষ সংগঠক ছিল। পুলিশকে বলেছি কোনো রাজনৈতিক রং না দেখে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে।" অন্যদিকে, জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, "শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা চিন্তিত। দ্রুত অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হোক।"
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এই খুনের পেছনে ব্যক্তিগত শত্রুতা বা পুরনো কোনো বিবাদ থাকতে পারে। তবে রাজনৈতিক রেষারেষির বিষয়টিকেও পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুলিশ এখন ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।
আরও পড়ুন- শীত হোক বা উইকেন্ড, কলকাতার কাছে 'সেরার সেরা' এই ৫ পিকনিক স্পট মিস করবেন না
আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও
আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us