/indian-express-bangla/media/media_files/2026/01/26/republic-day-2026-01-26-10-11-21.jpg)
77th Republic Day 2026: দিল্লিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। (এএনআই)
77th Republic Day 2026: ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের (EU) দুই শীর্ষ নেতা। আর উৎসবের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করতে চলেছে ইউরোপ। মঙ্গলবার, ২৭শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই সই হতে চলেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের বহুপ্রতিক্ষীত ‘সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পার্টনারশিপ’ বা নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি।
শীর্ষ সম্মেলনের দিকে তাকিয়ে বিশ্ব
ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুইস স্যান্টোস দা কোস্টা। শনিবার উরসুলা এবং রবিবার কোস্টা দিল্লিতে পা রাখেন। তাঁদের গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাঁদের স্বাগত জানিয়ে টুইটে লেখেন, "৭৭তম প্রজাতন্ত্র দিবসে তাঁদের প্রধান অতিথি হিসেবে পাওয়া সৌভাগ্যের বিষয়। আসন্ন আলোচনা ভারত-ইইউ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে।"
মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ১৬তম ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে (Summit) যোগ দেবেন এই দুই নেতা। সেখানেই এই চুক্তি স্বাক্ষরিত হবে।
চুক্তিতে কী থাকছে?
সূত্র খবর, এই চুক্তিটি সই করবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ইইউ-এর বিদেশ ও নিরাপত্তা নীতির হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কাল্লাস। এই চুক্তির আওতায় যে বিষয়গুলিতে জোর দেওয়া হচ্ছে, সমুদ্র ও সাইবার নিরাপত্তা- ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং সাইবার হানা মোকাবিলা।
সন্ত্রাসদমন ও মহাকাশ সুরক্ষা- সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ মোকাবিলা এবং মহাকাশ গবেষণায় প্রতিরক্ষা সহযোগিতা।
কৌশলগত সংলাপ- প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র সচিব পর্যায়ের আধিকারিকরা প্রতি বছর বার্ষিক কৌশলগত সংলাপে বসবেন।
এশিয়ার তৃতীয় দেশ ভারত
জাপান ও দক্ষিণ কোরিয়ার পর এশিয়ায় ভারতই তৃতীয় দেশ হতে চলেছে যারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এমন উচ্চপর্যায়ের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে যখন আমেরিকা চিনের প্রতি কিছুটা নরম মনোভাব দেখাচ্ছে, তখন ভারতের সঙ্গে ইইউ-এর এই জোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
পাশাপাশি, ‘সিকিউরিটি অফ ইনফরমেশন এগ্রিমেন্ট’ বা গোপন তথ্য আদান-প্রদানের চুক্তি নিয়েও দুই পক্ষ আলোচনা শুরু করবে। ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের নিরপেক্ষ অবস্থান নিয়ে পূর্ব ইউরোপের কিছু দেশের অস্বস্তি থাকলেও, এই পদক্ষেপ প্রমাণ করে যে ব্রাসেলস নয়াদিল্লির ওপর আস্থা রাখছে।
আরও পড়ুন- Jamalpur News: উপরে আপেল-কমলা, নিচে সর্বনাশের ফাঁদ! ফলের দোকানেই কোটি টাকার 'জাল' স্বপ্ন বিক্রি!
উরসুলা ভন ডের লেয়েন বলেছেন, "একটি বিভক্ত বিশ্বে আমরা দেখাচ্ছি যে অন্য পথও সম্ভব। আমরা কৌশলগত অংশীদারিত্ব এবং আলোচনার পথ বেছে নিয়েছি।" অন্যদিকে, আন্তোনিও কোস্টা বাণিজ্য থেকে শুরু করে ক্লিন এনার্জি এবং নিরাপত্তার ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারি ও সেপ্টেম্বরে ইইউ প্রতিনিধি দলের ভারত সফর এবং গত বছর ভারতীয় নৌসেনার সঙ্গে যৌথ মহড়ার পরেই এই চুক্তির প্রেক্ষাপট তৈরি হয়েছিল। মঙ্গলবার এই চুক্তি সই হলে তা ভারতের প্রতিরক্ষা কূটনীতিতে এক বড় মাইলফলক হবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us