/indian-express-bangla/media/media_files/2025/11/25/mamata-2025-11-25-15-21-03.jpg)
Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
Bengal politics: এসআইআরকে ঘিরে যখন রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হচ্ছে, ঠিক সেই আবহেই বনগাঁর জনসভা থেকে ফের একবার বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র সমালোচনা শানালেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে এবং তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এসআইআর নিয়ে সরব মমতা
মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, “এসআইআর করতে তিন বছর সময় লাগে। ২০০২ সালে শেষ এসআইআর হয়েছিল। আমরা বিরোধিতা করিনি কখনও। কিন্তু যারা বছরের পর বছর এখানে বসবাস করছে, তাদের তাড়ানো চলবে না। আধার কার্ড করার সময় বিজেপির অফিস থেকে লিস্ট তৈরি হয়েছিল, আর কমিশন নিরপেক্ষতার বদলে বিজেপির কমিশন হয়ে উঠছে।”
হেলিকপ্টার বিতর্কে কেন্দ্রীয় সরকারকে তোপ
এদিন প্রথমে হেলিকপ্টারে বনগাঁ যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে উড়ান বাতিল হয়। বিষয়টি নিয়েও ক্ষোভ ঝাড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভোট শুরুই হয়নি, তার আগেই সংঘাত শুরু। সরকারি কপ্টার বুক করা থাকলেও জানানো হল যাবে না। সাত-আট মাস কপ্টার ব্যবহার করি না। সড়কপথে আসতে হয়েছে—এতে আমার আরও বেশি জনসংযোগ হয়েছে। বিজেপিকে বলছি—আমার সঙ্গে খেলতে এসো না, আমাকে ধরতে পারবে না।”
আরও পড়ুন- Suvendu Adhikari: পুলিশের মঞ্চে ‘মমতা চাই’ ধ্বনি! শুভেন্দুর বিস্ফোরক ভিডিও প্রকাশে তোলপাড় রাজ্য
বাংলাদেশি তকমা নিয়ে ক্ষোভ
মমতা বলেন, “আমি বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলত! বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি—এটা কী যুক্তি? ভোটের আগে ধর্মের নামে ফর্ম বিলি চলছে।” তিনি আশ্বস্ত করেন, “কেউ ভয় পাবেন না। আমরা থাকলে কাউকে তাড়াতে দেব না।”
বাংলা দখলের চেষ্টা—অভিযোগ মুখ্যমন্ত্রীর
মমতার দাবি, “বাংলা জোর করে দখল করতে হবে বলেই এসআইআর চাপানো হচ্ছে। এই মাটি সংগ্রামের, স্বাধীনতার মাটি—এ মাটি কোনো রক্তচক্ষুকে ভয় পায় না।”
আরও পড়ুন- West Bengal news live updates: রাজ্যে বন্ধ হবে SIR? তৃণমূলের সঙ্গে বৈঠকে রাজি নির্বাচন কমিশন
এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা তুলে আক্রমণ
এসআইআর নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি কয়েকজন বিএলও-র মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,“তিনজন বিএলও মারা গেছেন কাজ করতে গিয়ে। এফআইআর আতঙ্কে ৩৫ জনের মৃত্যু হয়েছে। আপলোড করা যাচ্ছে না, ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই—এ অবস্থায় দু’মাসে এসআইআর করা অন্যায়।”
আরও পড়ুন-Bengal Safari Park: বেঙ্গল সাফারি পার্কে বড় আপগ্রেড! বাঘেদের জন্য বাড়ছে ‘জঙ্গল’
নির্বাচন কমিশনের দিকে আঙুল
তিনি আরও দাবি করেন,“রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে। নির্বাচন কমিশন তিন বছর ধরে সময় নিক। ঘটিবাটি বিক্রি করে হলেও আমরা মানুষের পাশে থাকব।” বনগাঁর সভা থেকে মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা এসআইআর বিতর্কে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us