/indian-express-bangla/media/media_files/2025/07/02/shamik-bhattacharya-2025-07-02-15-43-19.jpg)
Shamik Bhattacharya: শমীক ভট্টাচার্য।
রাজ্যসভায় জিরো আওয়ার চলাকালীন তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল বিজেপি। বুধবার বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্য অভিযোগ করেন, ‘প্রতিহিংসার রাজনীতি’র কারণে কেন্দ্রের একাধিক সামাজিক কল্যাণমূলক প্রকল্প ইচ্ছাকৃতভাবে কার্যকর করছে না রাজ্য সরকার, যার খেসারত দিতে হচ্ছে রাজ্যের গরিব ও প্রান্তিক মানুষদের।
সভায় বক্তব্য রাখতে গিয়ে শমিক ভট্টাচার্য বলেন, কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক বিরোধের জেরে পশ্চিমবঙ্গের দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাঁর কথায়, “আজ পশ্চিমবঙ্গের গরিব ও প্রান্তিক মানুষ তৃণমূল সরকারের প্রতিহিংসার রাজনীতির কারণে বঞ্চনার শিকার হচ্ছেন।”
বিজেপি সাংসদের অভিযোগ, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, জনধন যোজনা, ফসল বিমা যোজনা এবং স্মার্ট সিটি মিশনের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলি পশ্চিমবঙ্গে কার্যকর করা হচ্ছে না। তিনি দাবি করেন, এটি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর সরাসরি আঘাত। একই সঙ্গে তিনি জানান, প্রায় ৪৩টি রেল প্রকল্পও রাজ্যে আটকে রয়েছে বলে অভিযোগ উঠেছে। শমিক ভট্টাচার্য আরও বলেন, এমনকি বিচার ব্যবস্থাকেও নিশানা করা হচ্ছে।
তাঁর বক্তব্যে অভিযোগ করা হয়, শুধুমাত্র বিরোধিতার রাজনীতির খাতিরে কেন্দ্রের উদ্যোগগুলির বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস, যার ফলে গরিব, কৃষক, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিন শমিক ভট্টাচার্য এই বিষয়টি উত্থাপন করার সময় রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা স্লোগান তোলেন, যার জেরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়।
সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়েও তীব্র কটাক্ষ করেন শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী পুরো প্রশাসনকে কাজে লাগিয়ে যে কোনও মূল্যে SIR প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করছেন। শমীকের বক্তব্য, “মুখ্যমন্ত্রী শুধু SIR নিয়ে সওয়াল করতেই সুপ্রিম কোর্টে যাননি। আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে নজর ঘোরাতেই তিনি দিল্লি গিয়েছেন।”
বিজেপি সাংসদের দাবি, আনন্দপুরের ওই অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং এখনও প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাঁর প্রশ্ন, “মাত্র ১০ কিলোমিটার দূরে এত বড় দুর্ঘটনা ঘটেছে, অথচ মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার সময় পাননি। বরং প্রায় ১৫০০ কিলোমিটার পথ পেরিয়ে দিল্লি পৌঁছে গিয়েছেন।”
শমীক ভট্টাচার্য আরও অভিযোগ করেন, ইডির তল্লাশি হলে মুখ্যমন্ত্রী তা এড়াতে প্রশাসন ও পুলিশ আধিকারিকদের দিয়ে পরিস্থিতি জটিল করে তোলেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ সব কিছু বুঝে গিয়েছেন এবং এই সরকারকে আর চলতে দেওয়া উচিত নয় বলেই মত তৈরি হচ্ছে রাজ্যে। তিনি আরও বলেন, ২০২৬ এই তৃণমূলের বিসর্জন"।
আরও পড়ুন- 'এসআইআরকে ভন্ডুল করার চেষ্টা, উনি আদালতে সওয়ালই করেন নি', শুভেন্দুর আগুনে আক্রমণের মুখে মমতা


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us