/indian-express-bangla/media/media_files/2025/12/13/satadru-dutta-messi-goat-india-tour-kolkata-chaos-2025-12-13-16-06-52.jpg)
কে এই শতদ্রু দত্ত? মেসির সঙ্গে কীভাবে যোগাযোগ?
Lionel Messi Goat India Tour: লিওনেল মেসির বহু প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর কলকাতা পর্ব শেষ পর্যন্ত পরিণত হল চরম বিশৃঙ্খলায়। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার মাত্র প্রায় ২০ মিনিটের মধ্যেই স্টেডিয়াম ছেড়ে চলে যান আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। মেসির আকস্মিক প্রস্থানের পর ক্ষুব্ধ দর্শকেরা ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন, শুরু হয় ভাঙচুর ও বিক্ষোভ। বিপুল নিরাপত্তা থাকা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আরও পড়ুন-“জোঁকের মতো চিটে নেতা-মন্ত্রী!” মেসি-কাণ্ডে তৃণমূলকে তুলোধোনা শুভেন্দু অধিকারীর
হাজার হাজার ফুটবলপ্রেমী হাজার হাজার টাকা খরচ করে মেসিকে এক ঝলক দেখার আশায় এদিন স্টেডিয়ামে আসেন। অভিযোগ, হাজার হাজার টাকা দামে টিকিট কেটেও অনেকে মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। হতাশ দর্শকেরা গ্যালারির চেয়ার উপড়ে ফেলেন, জলের বোতল ছুড়ে মারেন এবং মাঠে ঢুকে ব্যানার ভাঙচুর করেন। এই ঘটনায় হঠাৎ করেই আলোচনায় উঠে আসেন শতদ্রু দত্ত-র নাম।
সংবাদ সংস্থা টাইমস নাউয়ের তথ্য অনুযায়ী, শতদ্রু দত্তই লিওনেল মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা। ‘এ শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ’ নামে একটি সংস্থার মাধ্যমে তিনি ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর আয়োজক হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগেও তিনি পেলে, দিয়েগো মারাদোনা এবং কাফুর মতো ফুটবল কিংবদন্তিদের ভারতে নিয়ে এসেছেন। মেসির সফরের মাধ্যমে তিনি ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম বড় ইভেন্ট উপহার দেওয়ার লক্ষ্য নিয়েছিলেন।
কিন্তু বাস্তবে সেই স্বপ্নের আয়োজন ভেঙে পড়ে চরম বিশৃঙ্খলায়। মাঠে কিছুদূর হাঁটার পর মেসি হাত নেড়ে দর্শকদের অভিবাদন জানান, কিন্তু অধিকাংশ দর্শকের অভিযোগ, মাঠ এতটাই ঘিরে রাখা ছিল যে গ্যালারি থেকে তাঁকে স্পষ্টভাবে দেখা যায়নি। অনেকের দাবি, জায়ান্ট স্ক্রিনেও পরিষ্কার ছবি দেখা যায়নি।
সংবাদ সংস্থা এএনআই-কে এক দর্শক বলেন, “মেসির চারপাশে শুধু নেতা আর অভিনেতারাই ছিলেন। তাহলে আমাদের কেন ডাকা হল? আমরা ১২ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি, অথচ ওঁর মুখটাই দেখতে পেলাম না।” ভিডিও ফুটেজে দেখা যায়, মেসির প্রস্থান করার পর দর্শকেরা ছেঁড়া চেয়ার ও অন্যান্য বস্তু মাঠের মধ্যে ছুড়ে মারছেন, অনেকে নেট টপকে ঢুকেও পড়ছেন।
এই ঘটনার পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান, দর্শকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছিল, কারণ মেসি ফুটবল নিয়ে কিছু স্টান্ট দেখাবেন, এমন প্রত্যাশা অনেকের মধ্যেই ছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখতে রাজ্য সরকার ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে। আয়োজক সংস্থার পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে, বিক্রি হওয়া টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আয়োজক শতদ্রু দত্তকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলেও জানান ডিজি।
ঘটনার পর ক্ষোভ উগরে দিয়েছেন বহু ফুটবলপ্রেমী। এক দর্শক বলেন, “এই আয়োজন একেবারেই প্রতারণা। এত বড় অরাজকতা আগে কখনও দেখিনি। কলকাতা ফুটবলের শহর, আমরা ফুটবল ভালোবাসি। কিন্তু এই দিনটা আমাদের জন্য কালো দিন।” আরেকজন বলেন, “মাত্র ১০ মিনিটের জন্য এলেন, একটাও শট বা পেনাল্টি নিলেন না। চারপাশে শুধু নেতা-মন্ত্রীরা। আমাদের কিছুই দেখার সুযোগ দেওয়া হল না।”
দূরদূরান্ত থেকে আসা দর্শকেরাও হতাশা প্রকাশ করেছেন। দার্জিলিং থেকে আসা এক মেসি ভক্ত বলেন, “এত দূর থেকে এসেও মেসিকে ঠিকমতো দেখতে পেলাম না। এটা আমার জীবনের সবচেয়ে হতাশাজনক অভিজ্ঞতা।”
ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স-এ পোস্ট করে তিনি যুবভারতীতে ঘটে যাওয়া অব্যবস্থাপনার জন্য গভীর দুঃখপ্রকাশ করেন এবং লিওনেল মেসি ও সকল ক্রীড়াপ্রেমীর কাছে ক্ষমা চান। একই সঙ্গে তিনি একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
উল্লেখ্য, লিওনেল মেসি বর্তমানে ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে ভারতে রয়েছেন। এই সফরে কলকাতার পাশাপাশি হায়দরাবাদ, মুম্বই ও নয়াদিল্লিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে কলকাতার অভিজ্ঞতা গোটা সফরের উপরই বড় ছায়া ফেলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us