/indian-express-bangla/media/media_files/2025/11/17/hasina-2025-11-17-15-42-34.jpg)
Sheikh Hasina: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Sheikh Hasina: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হিংসা আবহে বড়দিন উপলক্ষে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী ইউনূস প্রশাসনের তীব্র সমালোচনা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, বর্তমান শাসকগোষ্ঠী অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এবং সংখ্যালঘুদের উপর “অকল্পনীয় নিপীড়ন” চালাচ্ছে। তাঁর কথায়, বাংলাদেশে সংখ্যালঘুদের জীবন্ত পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনাও ঘটছে।
বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা স্মরণ করিয়ে দেন, এক সময় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ছিল। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামি লীগ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছিল বলে দাবি করেন তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, দুঃখজনকভাবে এখন এমন একটি গোষ্ঠী দেশ শাসন করছে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ধর্ম পালনের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। তাঁর অভিযোগ, বর্তমান সরকারের আমলে অমুসলিম ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ চরম অত্যাচারের শিকার হচ্ছেন।
শেখ হাসিনার এই ভাষণ এমন এক সময়ে এসেছে, যখন ময়মনসিংহে এক কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। অভিযোগ, হত্যার পর তাঁর দেহ ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
সংখ্যালঘুদের উপর একের পর এক গণপিটুনি ও হিংসাত্মক ঘটনার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বর্তমান শাসনকালে অমুসলিমরা অকথ্য নির্যাতনের শিকার হচ্ছেন। তবে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, বাংলাদেশের মানুষ এই অন্ধকার সময় দীর্ঘদিন চলতে দেবে না এবং শীঘ্রই দেশ আবার শান্তি ও সম্প্রীতির পথে ফিরবে।
ভাষণের শেষে বড়দিনের তাৎপর্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, এই উৎসব বাংলাদেশের খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতি আরও দৃঢ় করবে। তাঁর কথায়, “অন্ধকারের মধ্যেও আলো ফুটে উঠবে”। এই বিশ্বাস নিয়েই তিনি দেশবাসীর উদ্দেশে বার্তা দেন।
আরও পড়ুন-বাংলাদেশে একের পর এক হিন্দু যুবক খুন, সাধুদের নিয়ে হাই কমিশনে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা
আরও পড়ুন- মোবাইল কেড়ে জোর করে দেহ ব্যবসায়, তারপর? বাংলাদেশি তরুণীর বিস্ফোরক জবানবন্দি ফাঁস
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us