/indian-express-bangla/media/media_files/2026/01/30/shuvendu-adhikari-2026-01-30-15-12-58.jpg)
আনন্দপুরের নাজিরাবাদের জোড়া গুদামের ভয়াবহ অগ্নিকাণ্ড, পথে নামলেন শুভেন্দু
আনন্দপুরের নাজিরাবাদের জোড়া গুদামের ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তাপ ছড়িয়েছে। শুক্রবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাতে পোস্টার নিয়ে রাস্তায় নামেন এবং মমতা সরকারের বিরুদ্ধে গর্জে উঠে একাধিক দাবি তুলে ধরেন। পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি সাঁটানো ছিল, যেখানে তাঁকে বিদেশের রাস্তায় হাঁটতে দেখা যায়। পোস্টারে লেখা ছিল, “ছবি কথা বলে।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী দাবি করেন, এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে নাজিরাবাদের অগ্নিকাণ্ডের আসল সত্য।
আরও পড়ুন-রাজীব বিদায়! কে হবেন রাজ্যের পরবর্তী ডিজিপি? তুঙ্গে চর্চা
উল্লেখ্য, নাজিরাবাদের গুদামে অগ্নিকাণ্ডে সরকারি হিসাবে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনাস্থল থেকে মোট ২১টি দেহাংশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ইতিমধ্যেই ডিএনএ ম্যাপিংয়ের কাজ শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্য সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা।
এদিকে, নাজিরাবাদ এলাকায় এখনও ১৬৩ ধারা জারি রয়েছে। প্রথমে রাজ্য প্রশাসন শুভেন্দু অধিকারীকে সমাবেশ করতে বাধা দিলেও, হাইকোর্টের অনুমতি নিয়ে তিনি আদালত-নির্ধারিত রুটে মিছিল করেন। ওই মিছিলে বিজেপির একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। মিছিলে মুখ্যমন্ত্রীর ছবি প্রদর্শন করে শুভেন্দু অভিযোগ করেন, ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাঁকে দেখা যাচ্ছে তিনি আসলে ওয়াও মোমোর মালিক। সেই কারখানায় অব্যবস্থাপনার কারণে আগেও শ্রমিক মৃত্যুর অভিযোগ রয়েছে বলে দাবি তাঁর।
আরও পড়ুন- অর্থমন্ত্রী কি মধ্যবিত্তদের প্রত্যাশা পূরণ করবেন? কর ছাড়ের সীমা আরও বাড়বে? বাজেটের আগে জোর জল্পনা
শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী, জোড়া গুদামের মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করা হলেও, সংশ্লিষ্ট মোমো কারখানার মালিককে এখনও গ্রেপ্তার করা হয়নি। বিরোধীদের অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে মূল অভিযুক্তদের আড়াল করছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার মোমো ফ্যাক্টরির ম্যানেজার মনোরঞ্জন শিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ জানুয়ারি মধ্যরাতে আগুন লাগার সময় তাঁদের ভূমিকা ও অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, মনোরঞ্জন শিটই গুদামের দায়িত্বে ছিলেন।
এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী মিছিলের মাধ্যমে মমতা সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করেন। তাঁর দাবিগুলির মধ্যে রয়েছে দখলকৃত জলাভূমি এলাকার পূর্ণাঙ্গ তালিকা তৈরি, অগ্নিকাণ্ডে নিখোঁজদের দ্রুত খুঁজে বের করা, নিহতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান, পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া এবং অগ্নিকাণ্ডের জন্য দায়ী সকলকে অবিলম্বে গ্রেপ্তার করা।
এছাড়াও শুভেন্দু অধিকারী দাবি করেন, গুদামের মালিক মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাঁর সঙ্গে ছিলেন তিনিই ওই মোমো সংস্থার মালিক। সেই কারণেই তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে দাবি করেন তিনি। পাশাপাশি স্থানীয় থানার ওসিকে বরখাস্ত এবং দমকলমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন বিরোধী দলনেতা। এই সব দাবিকে সামনে রেখেই শুক্রবার পাঁচ দফা দাবি নিয়ে মিছিলের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- একতরফা নিয়োগ, কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠে এবার বিরাট আবেদন রাজ্যের


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us