/indian-express-bangla/media/media_files/2025/11/06/kolkata-high-court-directs-eci-to-file-affidavit-on-sir-process-west-bengal-2025-11-06-14-43-50.jpg)
ফের বাংলায় SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ।
Bengal SIR: ফের বাংলায় SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ। বারাসতের দত্তপুকুর থানার চাটুরিয়া এলাকায় প্রবীণ এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম জিয়ার আলী, বয়স সত্তরের বেশি। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসআইআর ফর্ম পূরণ নিয়ে বেশ চাপে ছিলেন তিনি। সেই মানসিক টানাপোড়েনই তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
পরিবারের দাবি, অতিরিক্ত মানসিক চাপে চলতি মাসের ১৩ তারিখ জিয়ার আলী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাঁকে বারাসাত মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন- বিহারের ঝড় পেরিয়ে বাংলার ময়দান! ওয়াইসির মিম কি বদলে দেবে '২৬-এর ভোটচিত্র?
শনিবার স্থানীয় তৃণমূল নেতৃত্ব যখন মৃতের বাড়িতে যান, তখন পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং অভিযোগ তোলেন যে এসআইআর ফর্মের চাপই এই মর্মান্তিক পরিণতির জন্য দায়ী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এলাকায় এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
এদিকে শুক্রবার সকালে জলপাইগুড়ির রাজগঞ্জে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ৬০ বছরের ভূপেন চন্দ্র রায়ের দেহ। তাঁর মৃত্যু ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শাসক তৃণমূল কংগ্রেসের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলাকালীন আতঙ্ক থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আত্মহত্যার ঘটনা বাড়ছে।
আরও পড়ুন- বিহারের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কি এই বিজেপি নেতাও? বাড়ল নীতীশের রক্তচাপ, চিরাগের বড় সিদ্ধান্ত
পরিবারের অভিযোগ, ভূপেনবাবু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কারণ তিনি জানতে পারেন তাঁর মেয়ের নাম ভোটার তালিকায় নেই। মানসিক চাপে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। শুক্রবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। এক সিনিয়র অফিসার জানিয়েছেন, “তদন্ত চলছে।”
তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে এক পোস্টে অভিযোগ করে বলেছে SIR-সংক্রান্ত অব্যবস্থাপনার কারণেই বাংলায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। পোস্টে বলা হয়েছে, “ভূপেন চন্দ্র রায় সকালে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছেন, কারণ তাঁর মেয়ে এনিউমারেশন ফর্ম পাননি। এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তাড়াহুড়ো করে, রাজনৈতিক উদ্দেশ্যে, প্রয়োজনীয় সুরক্ষা ছাড়াই SIR চালুর এক মর্মান্তিক পরিণতি।” তৃণমূলের অভিযোগ, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সাতটি আত্মহত্যার ঘটনা। সবকটাই SIR-এর কারণে উদ্বেগের ফল বলে তাঁদের দাবি।
আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র?
নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও আক্রমণ শানিয়ে তৃণমূল বলেছে, “এই আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে কার লাভ হচ্ছে? লাভবান হচ্ছে শুধু তারা, যারা ভয় দেখিয়ে মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us