/indian-express-bangla/media/media_files/2025/05/26/wTh0Uq8BCQilsoytjfK5.jpg)
প্রতীকী ছবি। Photograph: (ফাইল চিত্র)
West Bengal SIR panic: পশ্চিম মেদিনীপুরের পিংলায় আবারও SIR আতঙ্কে মর্মান্তিক মৃত্যু। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত ভয় ও মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাবলু হেমব্রম নামে বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি। ঘটনাটি সামনে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় বাবলু হেমব্রম বা তাঁর পরিবারের কারও নামই ছিল না। এই তথ্য জানার পর থেকেই চরম আতঙ্কে ভুগছিলেন তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরেই তিনি ক্রমাগত বলছিলেন যে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। মানসিক চাপেই তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হয়।
আরও পড়ুন- Kolkata News: ধর্মতলায় ধুন্ধুমার! এসএলএসটি চাকরিপ্রার্থীদের মিছিলে অগ্নিগর্ভ কলকাতা
রবিবার গভীর রাতে বাবলু হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত বাবলুর বাড়িতে বৃদ্ধা মা, চার সন্তান এবং গত বছর মারা যাওয়া স্ত্রীর স্মৃতির ভারে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন-West Bengal News Live Updates: প্রয়াত ধর্মেন্দ্র, চোখে জল প্রধানমন্ত্রী মোদীর
রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে বহু জেলায়। পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে চলছে এই সমীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মৃত্যু ও অসুস্থতার অভিযোগ সামনে আসছে। এবার সেই তালিকায় যোগ হলো পিংলার বাবলু হেমব্রম।
ঘটনার খবর পেয়ে সোমবার সকালে মৃতের বাড়িতে যান পিংলার বিধায়ক অজিত মাইতি। আকস্মিক মৃত্যুর জন্য তিনি সরাসরি দায়ী করেছেন নির্বাচন কমিশনকে। পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে তুললেন তীব্র অভিযোগ। তাঁর বক্তব্য, “এসআইআর নিয়ে বিজেপির অপপ্রচারের জেরে আরেকটি প্রাণহানি ঘটল। মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করাই এর মূল কারণ।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে বাবলুর পরিবার এখন পুরোপুরি ভেঙে পড়েছে। এসআইআর আতঙ্কে এভাবে মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে, ভোটার তালিকার সমীক্ষা কি সাধারণ মানুষের মনে ভয়ের সঞ্চার করছে? নাকি রাজনৈতিক অপপ্রচারের প্রভাবে অযথা আতঙ্ক ছড়িয়ে পড়ছে সমাজে? ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us