/indian-express-bangla/media/media_files/2026/01/09/mamata-reacts-ed-raids-ipac-bengal-election-2026-01-09-13-32-35.jpg)
কমিশনের 'রক্তচক্ষু'তে মমতা সরকারের প্রাক্তন মন্ত্রীও
West Bengal SIR 2025: অভিনেতা দেব, কবি জয় গোস্বামী ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পর এবার এসআইআর প্রক্রিয়ার আওতায় শুনানিতে ডাকা হল মমতা সরকারের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবার চিঠি পাঠিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, যান্ত্রিক ও ত্রুটিপূর্ণ পদ্ধতিতে এসআইআর চালানো হচ্ছে, যার ফলে বহু যোগ্য ভোটার তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর দাবি, ভোটাররা প্রয়োজনীয় নথি জমা দিলেও বহু ক্ষেত্রেই আবেদনকারীদের ‘ডকুমেন্ট নট ফাউন্ড’ বলে চিহ্নিত করা হচ্ছে। এতে স্বচ্ছতার অভাব তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
এই আবহেই নির্বাচন কমিশনের ‘লাল চোখে’ পড়লেন প্রাক্তন অলরাউন্ডার লক্ষ্মীরতন শুক্লা। কমিশনের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় লক্ষ্মীরতনের বাবার নাম নেই। সেই সংক্রান্ত প্রমাণ পেশের জন্য তাঁকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। যদিও লক্ষ্মীরতন নিজে জানিয়েছেন, ১৯৯৫ সালের ভোটার তালিকায় তাঁর বাবার নাম ছিল। শুনানির ডাক প্রসঙ্গে তিনি বলেছেন, নির্বাচন কমিশনের সামনে হাজির হয়ে প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেবেন তিনি।
আরও পড়ুন-শ'য়ে শ'য়ে মৃত্যু, বিক্ষোভের আগুনে পুড়ছে ইরান, আমেরিকাকে পালটা হুমকি খামেনির
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে দেশজুড়ে বিতর্ক ক্রমশ তীব্রতর হচ্ছে। পরিচয় যাচাইয়ের নামে নির্বাচন কমিশনের পাঠানো নোটিশ নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। অমর্ত্য সেন, মহম্মদ শামি ও অভিনেতা দেবের পর সেই তালিকায় যুক্ত হল প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা এবং প্রাক্তন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশের নামও।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবেই লক্ষ্মীরতন শুক্লা ও অ্যাডমিরাল অরুণ প্রকাশকে পরিচয় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন প্রাক্তন নৌবাহিনী প্রধান। তাঁর বক্তব্য, এসআইআর ফর্মে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর্যাপ্ত সুযোগ না থাকলে সেই ফর্ম সংশোধন করা উচিত। এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন।
আরও পড়ুন-Kolkata News: রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি
অ্যাডমিরাল প্রকাশ জানিয়েছেন, তিনি নিজের ও পরিবারের সদস্যদের জন্য ইতিমধ্যেই এসআইআর ফর্ম পূরণ করেছেন। তা সত্ত্বেও তাঁকে ও তাঁর স্ত্রীকে আলাদাভাবে নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগ, তাঁদের দু’জনকে দুই পৃথক তারিখে প্রায় ১৮ কিলোমিটার দূরের দুই স্থানে শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে।
এই বিতর্কে এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী অমর্ত্য সেনকে পাঠানো নোটিশ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন। পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মহম্মদ শামি ও অভিনেতা দেবের জমা দেওয়া এসআইআর ফর্মে কিছু অনিয়ম পাওয়ায় তাঁদেরও শুনানির জন্য তলব করা হয়েছে। এসআইআর প্রক্রিয়া ঘিরে এই ঘটনাগুলি রাজ্য ও জাতীয় স্তরে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে।
আরও পড়ুন-Kolkata News: রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us