/indian-express-bangla/media/media_files/2026/01/04/sir-hearing-pressure-elderly-death-south-24-parganas-2026-01-04-14-15-19.jpg)
নাকে লাগানো অক্সিজেনের নল, শুনানি সেড়ে হাসপাতালে ফিরেই বৃদ্ধের মৃত্যুতে তোলপাড় বাংলা
ফের রাজ্যে SIR-এর শুনানি চলাকালীন মৃত্যুর অভিযোগে তোলপাড়। গতকালের পর আজ, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে অভিযোগ ও বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। এবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক প্রবীণ ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়াল। পরিবারের অভিযোগ, SIR শুনানির মানসিক চাপ ও শারীরিক দুর্বলতার মধ্যেই শুনানিতে হাজির হতে বাধ্য হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তির নাম নাজিতুল মোল্লা (৬৮)। তিনি জয়নগর ২ নম্বর ব্লকের উত্তর ঠাকুরচক এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম না দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কয়েকদিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়।
ফের রাজ্যে SIR-এর জেরে মৃত্যু BLO-র! শুনানির নোটিশ পেয়ে মানসিক চাপে রিষড়ায় প্রবীণের মৃত্যতে তোলপাড়
পরিবার সূত্রে জানা গেছে, SIR সংক্রান্ত শুনানির নোটিস পাওয়ার পর থেকেই প্রবীণ ব্যক্তি চরম উদ্বেগে ভুগছিলেন। শারীরিক অবস্থার কথা জানিয়েও শুনানির দিন পিছোনোর আবেদন করা হয়েছিল বলে অভিযোগ, কিন্তু তা মানা হয়নি। শেষ পর্যন্ত নাকে অক্সিজেন টিউব লাগানো অবস্থায় তাঁকে শুনানিতে নিয়ে যাওয়া হয়। শুনানি শেষে হাসপাতালে ফেরার পরই তাঁর মৃত্যু হয়।
মৃতের ছেলে হারুন মোল্লা জানান, তাঁর বাবা নিয়মিতভাবে SIR সংক্রান্ত খবর শুনতেন এবং ভোটার তালিকায় নাম না থাকলে পরিবারের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে আতঙ্কে থাকতেন। হারুনের অভিযোগ, “নির্বাচন কমিশন নিজেই অসুস্থদের জন্য ভার্চুয়াল শুনানির কথা বলেছে। তাহলে বাবার মতো একজন গুরুতর অসুস্থ মানুষকে সরাসরি হাজির হতে বাধ্য করা হল কেন?”
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ SIR প্রক্রিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। উল্লেখ্য, এর আগেও SIR সংক্রান্ত মানসিক চাপে একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে। সম্প্রতি একজন বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনাতেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।
প্রবীণ ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে আবারও SIR প্রক্রিয়ার মানবিক দিক নিয়ে প্রশ্ন উঠল। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের উপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে, যার ফলেই এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে।
রণক্ষেত্র ভাঙর, আরাবুল-সওকত অনুগামীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, চরমে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us