/indian-express-bangla/media/media_files/2025/04/27/fmQx2UuergoZd2FjAlHQ.jpg)
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এসআইআর (SIR) ইস্যুতে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, তাড়াহুড়ো করে এবং সম্পূর্ণ অপরিকল্পিতভাবে রাজ্যে এসআইআর চালানো হয়েছে, যার জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “গায়ের জোরে দু-তিন মাসের মধ্যে এসআইআর করা হয়েছে। এই এসআইআরের কারণে রাজ্যে একের পর এক মৃত্যু হয়েছে। এসআইআর ও এনআরসি-র ভয়ে অন্তত ৪৫ জন সাধারণ মানুষ আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। পরিবারের লোকেরাই বলছেন, এসআইআর-এর চাপে তারা আত্মঘাতী হয়েছেন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। এখনও ছ’জন হাসপাতালে ভর্তি রয়েছেন।”
তিনি আরও বলেন, এসআইআর-এর খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে, রাজ্যে ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। তাঁর দাবি, “এখন ভোটার বেছে নিচ্ছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার। বেছে বেছে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে।”
অভিষেকের দাবি, নির্বাচন কমিশনের নিজস্ব তথ্য অনুযায়ী এসআইআর-এর ফলে বাংলায় সবচেয়ে কম ভোটার বাদ পড়েছে। তবুও জোর করে রাজ্যে এই প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। বিজেপির তরফে বারবার দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ও বাংলাদেশিরা ভোটার তালিকায় ঢুকে পড়েছেন। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “এই ৫৮ লক্ষ ২০ হাজার ভোটারের মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা? সেই তথ্য নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে।”
আরও পড়ুন-Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা
তৃণমূল সাংসদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই বাবার নাম বা বয়সের সামান্য গরমিলের কারণে ভোটারদের সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি প্রশ্ন করেন, “একদিনে কোন সফটওয়্যার ব্যবহার করে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে চিহ্নিত করা হল? যদি সন্দেহ থাকে, তাহলে সেই তালিকা প্রকাশ করতে হবে। শুধু বলা হল কতজন ফেল করেছে, কিন্তু কারা ফেল করেছে তা জানানো হবে না, এটা হতে পারে না।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, বহু ভোটার জীবিত থাকা সত্ত্বেও তাঁদের মৃত হিসেবে দেখানো হয়েছে। তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বর তৃণমূলের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে ১ কোটি ৩৬ লক্ষ সন্দেহজনক ভোটারের তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে সময়সীমা বেঁধে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us