/indian-express-bangla/media/media_files/2026/01/30/sir-process-bhabanipur-voter-list-22-percent-name-deleted-mamata-banerjee-2026-01-30-21-39-35.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়
West Bengal SIR: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার ধাক্কায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুর বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়ায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ভোটার তালিকায় এত বড় পরিবর্তন ঘিরে শাসকদল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিরোধী শিবিরেও চাঞ্চল্য দেখা দিয়েছে।
নির্বাচন কমিশনের অধীনে চলা SIR প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, আগে যেখানে এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৬ হাজার ২৯৫ জন, সেখানে নতুন খসড়া তালিকায় তা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ জনে। অর্থাৎ প্রায় ৪৪ হাজার ৭৮৭ জন ভোটারের নাম বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় ২১.৭ শতাংশ।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কালীঘাটে তাঁর দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক ডাকেন। ওই বৈঠকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত কাউন্সিলর এবং বিএলএ-দের উপস্থিত থাকতে বলা হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা এবং সমস্যার সমাধানে কৌশল নির্ধারণই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন- ‘ECI তুঝে সেলাম!’ ২০০২-এর তালিকায় নাম নেই, শুনানির নোটিশে ক্ষুব্ধ প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর
ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সালের উপনির্বাচনে এই কেন্দ্র থেকেই তিনি নিরঙ্কুশ জয় পান। ফলে ভোটার তালিকা থেকে এত বড় সংখ্যায় নাম বাদ পড়া শাসকদলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কোনও বৈধ ভোটার যাতে বাদ না পড়েন, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- আগামীকাল অবসর, আজই এল বদলির নির্দেশিকা, দেখে থ' দুঁদে পুলিশ কর্তা
তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বাড়ি বাড়ি যাচাইয়ের নির্দেশ দিয়েছে। বাদ পড়া প্রতিটি নাম খতিয়ে দেখে দ্রুত সংশোধনের আবেদন করার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় নেতাদের। দলীয় নেতৃত্বের স্পষ্ট বার্তা ভোটার তালিকায় কোনও অসঙ্গতি থাকলে তা সময়মতো সংশোধন করতেই হবে।
ভবানীপুরের যেসব ওয়ার্ডে ভোটার তালিকা থেকে বেশি সংখ্যায় নাম বাদ পড়েছে, তার মধ্যে ৭০, ৭২ এবং ৭৭ নম্বর ওয়ার্ড উল্লেখযোগ্য। এই এলাকাগুলির একটি বড় অংশ সংখ্যালঘু এবং অভিবাসী অধ্যুষিত হওয়ায় সামাজিক ও রাজনৈতিক উদ্বেগ আরও বেড়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভবানীপুর কেন্দ্রের মোট ভোটারের প্রায় ৪০ শতাংশ গুজরাটি, মারওয়ারি, শিখ ও বিহারি সম্প্রদায়ের, প্রায় ২০ শতাংশ মুসলিম এবং বাকি ৪০ শতাংশ বাঙালি ভোটার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কেন্দ্রে মুসলিম ভোটারদের ভূমিকা বরাবরই নির্ধারক।
আরও পড়ুন- ‘মানুষের জিনা হারাম হয়ে যাচ্ছে!’ SIR নিয়ে ভয়ঙ্কর ক্ষোভ উগরে দিলেন অধীর চৌধুরী
উল্লেখযোগ্যভাবে, ভবানীপুর একমাত্র কেন্দ্র নয়। রাজ্যজুড়ে চলমান SIR প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে মোট প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অনুপস্থিতি, স্থানান্তর, মৃত্যু অথবা নকল ভোটার এই সব কারণেই মূলত নাম বাদ দেওয়া হয়েছে।
এদিনের বৈঠকে বিএলএ-২ এবং কাউন্সিলরদের উদ্দেশে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, তিনি বলেন, “এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূরাচারের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনাদের আরও বেশি পরিশ্রম করতে হবে। দিন-রাত মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে স্ক্রুটিনি করুন।” মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর ভবানীপুরে ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপরতা আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us