/indian-express-bangla/media/media_files/2026/01/09/mamata-reacts-ed-raids-ipac-bengal-election-2026-01-09-13-32-35.jpg)
সোমেই মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠকে মমতা
West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়াকে ঘিরে ফের একটি মৃত্যুর ঘটনা সামনে এল। হুগলির পোলবার বাসিন্দা ৭০ বছর বয়সি শেখ ইসমাইলের মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের তরফে জানানো হয়েছে SIR শুনানি নোটিশ পাওয়ার পর থেকেই তিনি মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে ছিলেন। তার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
পরিবারের সদস্যদের অভিযোগ, SIR নোটিশ পাওয়ার পর থেকেই নথিপত্র সংক্রান্ত সম্ভাব্য জটিলতা নিয়ে গভীর উদ্বেগে ভুগছিলেন শেখ ইসমাইল। মৃত্যুর আগে কয়েকদিন ধরে তিনি মানসিকভাবে অত্যন্ত চাপে ছিলেন বলে জানান আত্মীয়রা।
ঘটনার দিন আচমকা হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই বুধবার তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন-জাতীয় নিরাপত্তা নিয়ে আপস! হাইকোর্টে ভর্ৎসনার মুখে রাজ্য, পাখির চোখ বাংলা, আজই রাজ্যে শাহ
পরিবারের দাবি, SIR প্রক্রিয়াকে ঘিরে তৈরি হওয়া মানসিক চাপ থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। তাঁদের বক্তব্য, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের একাধিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে, যা এই দাবিকে আরও জোরালো করছে।এই ঘটনার পর স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে নতুন করে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে বয়স্ক নাগরিক ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার হারানোর আশঙ্কা বা প্রশাসনিক জটিলতার ভয় মানসিক চাপ বাড়াচ্ছে বলে মত অনেকের।
এদিকে এই আবহেই SIR ইস্যুতে একাধিক অভিযোগ নিয়ে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক মমতার। পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) ঘিরে চলা বিতর্কের মধ্যেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের আমন্ত্রণে আগামী ২ ফেব্রুয়ারি, সোমবার বিকেল প্রায় ৪টে নাগাদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বৈঠকে মমতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদলও উপস্থিত থাকবে। তৃণমূলের অভিযোগ, পশ্চিমবঙ্গে বিজেপিকে সুবিধা করে দিতেই পক্ষপাতদুষ্টভাবে SIR প্রক্রিয়া চালানো হচ্ছে।
এর আগে ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতার দাবি ছিল, রাজ্যের প্রায় দেড় কোটি ভোটারের নথিতে যুক্তিগত অসঙ্গতি দেখানো হয়েছে অথবা তাঁদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে সংযুক্ত করা হয়নি। তাঁর অভিযোগ, বিজেপির নির্দেশে কাজ করে নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার কেড়ে নিতে ব্যস্ত। ৮৫ বছরের বেশি বয়স্ক ভোটার ও প্রতিবন্ধীদেরও এসআইআরের শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে। যার ফলে মানসিক চাপে পড়ে কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন-শিকল দিয়ে বেঁধে রাখতে হয় ভগবানকে! কলকাতার এই মন্দিরের হাড়হিম করা রহস্য জানেন?
তৃণমূল কংগ্রেসের আরও দাবি, SIR-এর আড়ালে বাংলায় কার্যত এনআরসি চালু করার চেষ্টা চলছে। বিশেষ করে সংখ্যালঘু ও দুর্বল শ্রেণির মানুষদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ দলের। উল্লেখ্য, এই প্রক্রিয়ার বিরোধিতা করে আগেও মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নির্বাচন কমিশন ও রাজ্যের শাসক দল তৃণমূলের মধ্যে টানাপড়েন চলছে।
এদিকে তৃণমূলের করা একটি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে তাদের সফটওয়্যারে থাকা ত্রুটির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকায় নামের সামান্য গরমিল থাকলেই ভোটারদের শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে, যা বিশেষ করে প্রবীণদের জন্য ভীষণ ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বঙ্গের এই রাজনৈতিক লড়াই এবার পৌঁছেছে দিল্লিতে। নির্বাচন কমিশনের আমন্ত্রণে ২ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে SIR সংক্রান্ত সমস্ত অভিযোগ ও আপত্তি তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us