/indian-express-bangla/media/media_files/2026/01/10/abhishek-banerjee-bankura-rally-ed-election-commission-sir-bjp-attack-2026-01-10-18-14-19.jpg)
ভোটের আগেই খেলা শুরু অভিষেকের
Bengal SIR 2025: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায় ঘিরে রাজ্য রাজনীতিতে যখন বিতর্ক তুঙ্গে, সেই আবহেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকের আবেদন জানাল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ২৭ জানুয়ারি সিইও-র সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে ই-মেল করেছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ওই বৈঠকে অভিষেকের নেতৃত্বে প্রায় ১০ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত থাকতে পারে।
আরও পড়ুন- SIR নিয়ে তোলপাড় বাংলা, তড়িঘড়ি বিরাট সিদ্ধান্ত নিল কমিশন
সূত্রের খবর, সিইও মনোজ আগরওয়াল ওই দিনই তৃণমূল প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসতে পারেন। ভোটার তালিকার ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নিয়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়ার মধ্যেই এই বৈঠকের আবেদনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়, ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ তালিকাভুক্ত ভোটারদের নাম আগামী তিন দিনের মধ্যে গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিস, এবং শহরাঞ্চলে ওয়ার্ড অফিসে প্রকাশ করতে হবে। পাশাপাশি তালিকা প্রকাশের ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ভোটারদের শুনানির জন্য ডাকার নির্দেশও দেয় শীর্ষ আদালত। এই নির্দেশের পর নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তৃণমূলের আক্রমণ আরও তীব্র হয়েছে।
উত্তর ২৪ পরগনার বারাসতে সোমবার এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “সর্বোচ্চ আদালত ওদের দুই গালে চড় মেরেছে। আদালতে হেরে গিয়েছে, এবার নির্বাচনে হারাবো।”
রাজনৈতিক মহলের মতে, আদালতের নির্দেশের পর এই মুহূর্তে সিইও-র সঙ্গে বৈঠক চাওয়া তৃণমূলের কৌশলগত পদক্ষেপ। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত বৈঠকে SIR প্রক্রিয়া সংক্রান্ত একাধিক আপত্তি ও প্রশ্ন নির্বাচন আধিকারিকের সামনে তুলে ধরা হবে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনও ভোটার তালিকা সংশোধন নিয়ে একাধিক উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। পরে তাঁর অভিযোগ ছিল, নির্বাচন কমিশনের তরফে সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।
এরপর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’জনেই বারবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কমিশন বিজেপির ‘বি-টিম’ হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন।
আরও পড়ুন- মোদীর পাল্টা এবার সিঙ্গুরে মমতাও! ভোটের আগে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ে তৈরি তৃণমূল


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us