/indian-express-bangla/media/media_files/2025/11/10/sir-2025-2025-11-10-11-05-47.jpg)
SIR 2025: পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্যে চলছে ভোটার তালিকায় বিশেষ সমীক্ষার কাজ।
'আত্মহত্যা-মৃত্যুতে আনন্দ পাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার' এভাবেই এসআইআর নিয়ে কমিশনকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন (Special Intensive Revision–SIR) চলাকালীন ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও চারজন বুথ লেভেল অফিসার (BLO)। শনিবার ও রবিবার দুই দিনে বিভিন্ন জেলায় অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন বিএলওরা। এদিকে শনিবারই নাদিয়ার চাপরা থেকে এক ৫৩ বছর বয়সি BLO-র আত্মহত্যার ঘটনা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ওই BLO তাঁর সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন বলে দাবি পরিবার ও স্থানীয়দের।
আরও পড়ুন-বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে আতঙ্ক তুঙ্গে! জমাটি ঠান্ডা আর কবে?
পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের ১৪৭ নম্বর বুথের BLO শুকদেব দাস রবিবার সকালে হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকেই তিনি অভিযোগ করেন, “১৮ ঘণ্টা কাজ করা সম্ভব নয়। ভোটারদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করতে প্রায়ই রাত হয়ে যাচ্ছে। এরপর আরও রাত জেগে অনলাইন ডেটা আপলোড করতে হচ্ছে।” তবে কাটোয়া এসডিও অনির্বাণ বসু এই অভিযোগ নস্যাৎ করে দাবি করেন, তাঁরা কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করছেন।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ১৯ নম্বর বুথের BLO তনুশ্রী হালদার এবং জয়নগরের ৩১ নম্বর বুথের BLO কমল নস্করও শনিবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন। একইভাবে মুর্শিদাবাদের জঙ্গিপুরের BLO কৌশিক ঘোষ এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরের BLO মোস্তাফা কামালও শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন । ইসলামপুরে হাসপাতালে শুয়ে মোস্তাফা জানিয়েছেন, অসম্ভব কাজের চাপ। নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে তথ্য আপলোড করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
এই ঘটনাগুলির প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কোনও মন্তব্য করতে চাননি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে রাজ্যে SIR প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করেছেন। শনিবার X-এ তিনি লিখেছেন, “অত্যন্ত মর্মান্তিকভাবে আরও এক BLO-র মৃত্যু সংবাদ পেলাম… কত মৃত্যু হলে SIR থামবে?”
এদিকে একের পর এক বিএলওর আত্মহত্যা ও অসুস্থ হয়ে পড়ার ঘটনা নিয়ে কমিশনকে তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ও বিজেপির চাপে BLO-দের ওপর “অমানবিক কাজের বোঝা” চাপানো হচ্ছে। বিজেপি মুখপাত্র দেবজিত সরকারের পাল্টা দাবি, তৃণমূল মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে, কারণ জনগণ SIR প্রক্রিয়াকে সমর্থন করছেন।
আরও পড়ুন- চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যুতে ধুন্ধুমার মালদা, গ্রেফতার তিন
গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে BLO-দের বিক্ষোভ, ধর্না ও অসুস্থ হওয়ার খবর উঠে এসেছে। হুগলির কোন্নগরে SIR-এর কাজের সময় অঙ্গনওয়াড়ি কর্মী তপতী বিশ্বাস সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। উত্তর ২৪ পরগনার মসলন্দপুরের BLO সুমন দাসও গত বুধবার হাসপাতালে ভর্তি হন কাজের চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়েন। এর আগে জলপাইগুড়িতে এক মহিলা BLO আত্মহত্যা করেন। প্রথম BLO মৃত্যু হয়েছিল পূর্ব বর্ধমানের মেমারিতে,নমিতা হাঁসদা সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে রবিবার BLO অধিকার রক্ষা কমিটি ঘোষণা করেছে, সোমবার কলেজ স্কোয়ার থেকে রাজ্য নির্বাচন দফতর পর্যন্ত বিশাল র্যালি করা হবে। তাদের অভিযোগ—অমানবিক চাপের কথা বহুবার জানালেও কমিশন কোনও ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুন- Post Office Scheme: ১১৫ মাসে আপনার টাকা দ্বিগুণ! পোস্ট অফিসের এই স্কিম বাজারে তোলপাড় ফেলেছে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us