/indian-express-bangla/media/media_files/2026/01/22/snigdhajit-bhowmik-2026-01-22-18-47-09.jpg)
Snigdhajit Bhowmik: সংগীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক।
ফের রাজ্যে প্রকাশ্যে এল শিল্পীর হেনস্থার ঘটনা। লগ্নজিতা চক্রবর্তীর রেশ কাটতে না কাটতেই এবার চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন ‘সারেগামাপা’ খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। মেদিনীপুরে রাজ্য সরকারের আয়োজিত ‘সৃষ্টিশ্রী মেলা’য় গান গাইতে গিয়ে তাঁকে ধাক্কা দেওয়া এবং অপমান করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধী দল বিজেপি।
ঠিক কী ঘটেছে?
মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে রাজ্য সরকারের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে চলছে আঞ্চলিক ‘সৃষ্টিশ্রী মেলা’। বুধবার সন্ধ্যায় সেই মেলাতেই আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন স্নিগ্ধজিৎ।
প্রত্যক্ষদর্শীদের মতে, অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নেমে স্নিগ্ধজিৎ যখন তাঁর অনুগামীদের সঙ্গে সৌজন্য বিনিময় করছিলেন এবং হাত মেলাচ্ছিলেন, তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ, সেই ভিড়ের মধ্যেই তাঁকে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন- Saraswati Puja: বদলছে সময়, বদলছে সুর! বাঙালির বাগদেবীর আরাধনার সেকাল ও একাল
এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হন গায়ক। তিনি পুনরায় মঞ্চে উঠে মাইক হাতেই নিজের ক্ষোভ উগরে দেন। তিনি স্পষ্ট জানান, একজন শিল্পীর সঙ্গে এমন আচরণ কাম্য নয়।
মুহূর্তের মধ্যে স্নিগ্ধজিতের ক্ষোভ প্রকাশের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে একজন বিশিষ্ট শিল্পীর এমন অপমানিত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন-SIR শুনানি-কেন্দ্রে ভাঙচুর, দাপুটে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে FIR
সরব বিজেপি, কাঠগড়ায় প্রশাসন
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে বঙ্গ বিজেপি। তাদের দাবি, রাজ্যে শিল্পীদের কোনও নিরাপত্তা নেই এবং এটি বর্তমান প্রশাসনের অরাজকতারই প্রমাণ।
বিজেপির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, "লগ্নজিতার পর এবার স্নিগ্ধজিৎ! মেদিনীপুরে সরকার আয়োজিত সৃষ্টিশ্রী মেলায় যা ঘটেছে তা চরম লজ্জাজনক এবং ভয়ংকর। ভক্তদের সঙ্গে কথা বলার অপরাধে জনপ্রিয় গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিককে প্রকাশ্যে ধাক্কা দেওয়া হল, গালিগালাজ করা হল, অপমান করা হল।"
বিজেপি আরও অভিযোগ করেছে, "সরকারি অনুষ্ঠানে যদি শিল্পীর নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয় ভেবে দেখুন! এটাই মমতা ব্যানার্জির শাসনে প্রশাসনের আসল চেহারা। আইনশৃঙ্খলা শুধুই খাতায় কলমে! এই অপমান শুধু একজন শিল্পীর নয়, এটা গোটা বাংলার সাংস্কৃতিক মর্যাদার ওপর সরাসরি আঘাত।"
সরকারি মেলায় এমন অব্যবস্থা এবং শিল্পীর নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে আয়োজক বা প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লগ্নজিতার পর স্নিগ্ধজিতের এই ঘটনা রাজ্যের সাংস্কৃতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিল বলেই মনে করছেন অভিজ্ঞরা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us