/indian-express-bangla/media/media_files/2025/04/09/vFLMDETW2LuzLk4ARvZ8.jpg)
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়।
লালবাজারের দ্বারস্থ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মেসি-কাণ্ড ঘিরে তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে মানহানিকর মন্তব্য করার অভিযোগ তুলে কলকাতা পুলিশের সদর দফতরে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন কলকাতার আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান তথা মেসি-ভক্ত উত্তম সাহা।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইনজীবীর তরফে জানানো হয়েছে, যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে যে বিতর্কিত ঘটনার সূত্রপাত হয়েছিল, সেই ঘটনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে উত্তম সাহা সংবাদমাধ্যমে একাধিক ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। সৌরভের তরফে জানানো হয়েছে, ওই অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র একজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন শতদ্রু দত্ত। সৌরভের সঙ্গে ওই ইভেন্টের কোনও সাংগঠনিক যোগ ছিল না। একই অনুষ্ঠানে অভিনেতা শাহরুখ খানও উপস্থিত ছিলেন বলেও জানানো হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, উত্তম সাহা ইচ্ছাকৃতভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে মিথ্যা তথ্য প্রচার করেছেন এবং তাঁকে ‘চিটিংবাজ’ বলে কটাক্ষ করেছেন, যা প্রাক্তন অধিনায়কের সামাজিক সম্মান ও ভাবমূর্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই মন্তব্যের জেরেই মানহানি নোটিশ পাঠানো হয়েছে এবং লালবাজারে এফআইআর দায়ের করা হয়েছে।
আরও পড়ুন-Mamata Banerjee: “২৪ ঘণ্টা বিদ্যুৎ, ২ কোটি চাকরি, বাংলায় শিল্প নেই?” বিরোধীদের জবাব মমতার
উল্লেখ্য, সম্প্রতি ফুটবলের বিশ্বতারকা লিওনেল মেসির নাম জড়িয়ে কলকাতায় ব্যাপক বিতর্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখার আশায় হাজার হাজার মানুষ মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কাটলেও শেষ পর্যন্ত তাঁকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা।
পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তীতে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক রাজীব কুমার-সহ একাধিক পুলিশ কর্তার বিরুদ্ধে শোকজ নোটিস জারি করা হয়।
এই আবহেই সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে উত্তম সাহা সৌরভ গঙ্গোপাধ্যায়কে জড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন। সেই মন্তব্যকেই মানহানিকর বলে দাবি করে এবার আইনি পথে হাঁটলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us