/indian-express-bangla/media/media_files/2026/02/01/nadia-2026-02-01-18-03-10.jpg)
Krishnaganj Murder Case: কৃষ্ণগঞ্জ থানা।
প্রেমিকার ডাকে সাড়া দিয়ে দেখা করতে যাওয়াই কাল হলো। ভালোবাসার টানে প্রেমিকার বাড়ির সামনে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৯ বছরের তরতাজা যুবকের। রবিবার সকালে প্রেমিকার বাড়ির পাশ থেকেই উদ্ধার হলো কলেজ পড়ুয়া প্রেমিকের নিথর দেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গেদের হালদার পাড়া এলাকায়। মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই নাবালিকা প্রেমিকা এবং তার বাবা ও মাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সৌরভ হালদার (১৯)। তিনি গেদের হালদার পাড়ার বাসিন্দা এবং মাজদিয়া কলেজের ছাত্র ছিলেন। অভিযুক্ত নাবালিকা প্রেমিকা এবার মাধ্যমিক পরীক্ষার্থী। স্থানীয় সূত্রে খবর, সৌরভের বাড়ির কাছেই ওই নাবালিকার বাড়ি। গত প্রায় ছয় বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
মৃতের পরিবারের অভিযোগ, শনিবার রাতে ওই কিশোরী প্রেমিকা সৌরভকে ফোন করে তাদের বাড়িতে দেখা করতে ডাকে। প্রেমিকার ডাক পেয়ে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে যান সৌরভ। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। রাতে বাড়ি না ফেরায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সৌরভের কোনো হদিশ মেলেনি।
আরও পড়ুন-Budget 2026: AI হাব হবে ভারত! বাজেটে ডেটা সেন্টারের জন্য ২০৪৭ পর্যন্ত 'ট্যাক্স হলিডে' ঘোষণা
রবিবার সকালে এলাকাবাসীরা ওই নাবালিকা প্রেমিকার বাড়ির পাশের একটি ঝোপের মধ্যে সৌরভের দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। যুবককে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন-Budget 2026: "শিলান্যাসের পর শিলান্যাস, বাংলা প্রস্তর যুগে গিয়েছিল!" মমতাকে কড়া জবাব শমীকের
সৌরভের পরিবারের দাবি, প্রেমিকার বাড়ির লোকেরাই ষড়যন্ত্র করে সৌরভকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করেছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রবিবারই অভিযুক্ত প্রেমিকা, তার বাবা ও মাকে গ্রেফতার করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ ও সময় জানা সম্ভব হবে। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us