/indian-express-bangla/media/media_files/2025/06/22/sukanta-majumdar-sex-worker-remark-2025-06-22-11-49-23.jpg)
Sukanta Majumdar: কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতি ও ভোটব্যাংক প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার মালদহের গাজোল ব্লকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) একটি সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বাংলার মুসলিমরা এখন ‘ভোটব্যাংক রাজনীতি’র শিকার হয়ে উঠছেন এবং এর ফলেই রাজ্যে হিংসা বাড়ছে।
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকার একটি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার উল্লেখ করে সুকান্ত মজুমদার বলেন, এই ধরনের ঘটনা বাংলায় নতুন নয়। তাঁর বক্তব্য, “যিনি বোমা তৈরি করছিলেন তিনি মুসলিম এবং বিস্ফোরণে যে ন’বছরের শিশু আহত হয়েছে সেও মুসলিম। মুসলিম সমাজের এখন বোঝার সময় এসেছে যে, তাদের শুধুমাত্র ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। যতদিন সংখ্যালঘু-সংখ্যাগুরু রাজনীতির ফাঁদে তারা আটকে থাকবে, ততদিন এই পরিস্থিতির পরিবর্তন হবে না।”
আরও পড়ুন- Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা
শিক্ষার গুরুত্ব তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, শিক্ষা, সংস্কৃতি ও গবেষণার উপর জোর না দিলে মুসলিম সমাজ থেকে ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মতো বিজ্ঞানী তৈরি হবে না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কোচবিহার থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিভিন্ন জেলায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ও শরণার্থীর সংখ্যা বেড়েই চলেছে।
আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা
নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, হিন্দু ও আইনে উল্লেখিত কয়েকটি ধর্মের মানুষদের নাগরিকত্ব দেওয়া হবে, অন্যদের ক্ষেত্রে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। তাঁর অভিযোগ, একাধিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টরা (BLA) বুথ লেভেল অফিসারদের (BLO) উপর চাপ সৃষ্টি করে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রেখে দেওয়ার চেষ্টা করেছেন। বিষয়টি নির্বাচন কমিশনের জন্য উদ্বেগজনক বলেও তিনি মন্তব্য করেন এবং জানান, বিজেপি দায়িত্বশীল দল হিসেবে কমিশনকে পূর্ণ সহযোগিতা করবে।
রাজ্যে চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, তুলনামূলকভাবে ছোট রাজ্যগুলিতেও ভোটার তালিকা সংশোধনে বেশি সংখ্যক নাম বাদ পড়েছে, সেখানে বাংলায় অনিয়মের আশঙ্কা রয়েছে। দুবারের বালুরঘাটের সাংসদ বলেন, “বিজেপি বাংলাকে বাঁচানোর লড়াই লড়ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মানুষ তৃণমূলকে পরাস্ত করতে প্রস্তুত।”
এদিন তিনি আরও জানান, আগামী ২ জানুয়ারি মালদহের চাঁচলে একটি জনসভা করবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের পক্ষ থেকে অনুমতি না মিললে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও স্পষ্ট করে দেন সুকান্ত মজুমদার।
আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে বড় চমক! ওয়েইসির AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবীরের
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us