/indian-express-bangla/media/media_files/2025/12/23/mangrove-2025-12-23-11-28-24.jpg)
Sundarbans mangrove destruction: সুন্দরবনে ম্যানগ্রোভ কেটে বেআইনি মাছের ভেড়ি তৈরি হচ্ছে।
Illegal fishery in Sundarbans: সুন্দরবনের পরিবেশ ধ্বংসের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকে। কুলতলি ব্লকের মৈপিঠ বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গঙ্গার ঘাট এলাকায়, ঠাকুরান নদীর চরে প্রায় ৪০ থেকে ৫০ বিঘা নদীর চর জুড়ে ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি বা পার্ক তৈরির জন্য জমি পরিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি তৃণমূল কংগ্রেসের কুলতলি ব্লক সভাপতি পিন্টু প্রধান ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির দাবি, শুধু মৈপিঠ এলাকাতেই নয়, কুলতলি ব্লকের বিভিন্ন অংশে ম্যানগ্রোভ কেটে বেআইনিভাবে মাছের ভেড়ি তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন- SIR: ভোটার তালিকা সংশোধনে বড় ধাক্কা? শুনানিতে ডাক পড়ছে কাদের জানেন?
বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা কমিটির সদস্য উত্তম হালদার অভিযোগ করেন, পুলিশ ও প্রশাসনের মদতেই এই বেআইনি কাজ চলছে। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পিন্টু প্রধান সরাসরি এই কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং এতে মদত দিচ্ছেন।
যদিও এই অভিযোগের প্রেক্ষিতে কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সাহাদাত শেখ জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, পঞ্চায়েত ও বনদপ্তরের সঙ্গে আলোচনা করে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সিপিএম নেতা ও কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডল অভিযোগ করেছেন, গোটা কুলতলি জুড়েই এই ধরনের বেআইনি কার্যকলাপ চলছে। তাঁর দাবি, ক্ষমতাসীন দলের নেতাদের যোগসাজশেই চুরি ও বেআইনি কাজ হচ্ছে, যার ফলে সুন্দরবনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ঘটনার সঙ্গে যুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন-West Bengal Weather: কলকাতা থেকে পাহাড়, সর্বত্র শীতের প্রবল দাপট, বড়দিনের আগে আরও নামবে পারদ?
স্থানীয় বাসিন্দা গোষ্ঠ মণ্ডলের অভিযোগ, ক্ষমতাসীনদের মদতেই ম্যানগ্রোভ কাটা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা জানান, প্রতিবাদ করলে হেনস্থার শিকার হওয়ার আশঙ্কায় অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
ম্যানগ্রোভ ধ্বংসের এই অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। পাশাপাশি প্রশ্নের মুখে পড়েছে সুন্দরবনের পরিবেশ সুরক্ষা ও প্রশাসনের ভূমিকা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us