/indian-express-bangla/media/media_files/2025/02/07/cZ1eq83jg12Qj6lFAIPn.jpg)
Supreme Court: সুপ্রিম কোর্ট।
অবশেষে যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট। আগামী ৩১ ডিসেম্বর নয়, বরং ২০২৬ সালের ৩১ অগস্ট পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন যোগ্য শিক্ষক-শিক্ষিকারা। এই সময়ের মধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রাজ্য সরকারকে, এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। রাজ্যের তরফে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন জানানো হলেও, আদালত সেই আবেদন পুরোপুরি মঞ্জুর না করে রাজ্যকে আরও আট মাসের অতিরিক্ত সময় দেয়। আদালতের স্পষ্ট নির্দেশ, আগামী ৩১ অগস্টের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, এই সময়ের মধ্যে যোগ্য শিক্ষক-শিক্ষিকারা বেতন পাবেন এবং পড়ানোও চালিয়ে যেতে পারবেন। তবে আদালত জানিয়েছে, এই নির্দেশ শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে প্রযোজ্য, গ্রুপ সি ও গ্রুপ ডি পদের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে না।
আজকের এই রায়ের ফলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। আদালত জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আগের যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের পরিষেবা ও বেতন বহাল থাকবে।
আরও পড়ুন-ভোটে হুমায়ুন-নওশাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই? সংখ্যালঘু ভোটব্যাঙ্কে বিরাট থাবা? ল্যাজেগোবরে তৃণমূল?
উল্লেখ্য, গত ৩ এপ্রিল ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রাজ্যের শিক্ষা দপ্তরকে। তবে নির্ধারিত সময়ের মধ্যে এই জটিল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা কার্যত কঠিন হয়ে পড়ায়, রাজ্যের তরফে শীর্ষ আদালতে সময় বাড়ানোর আবেদন জানানো হয়।
আরও পড়ুন-মমতার বিপরীতে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী মুখ? বিরাট ইঙ্গিতে তোলপাড় ফেললেন শমীক
রাজ্য সরকার আদালতে জানায়, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও কয়েক মাস সময় প্রয়োজন। পাশাপাশি যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদনও করা হয়। সেই আবেদনের ভিত্তিতেই এই গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us