/indian-express-bangla/media/media_files/2025/02/07/cZ1eq83jg12Qj6lFAIPn.jpg)
Supreme Court: সুপ্রিম কোর্ট।
IPAC raid Kolkata: আইপ্যাক মামলায় বড়সড় স্বস্তি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা চারটি FIR-এ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে।
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, শেক্সপিয়ার সরণি থানা ও বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি এফআইআর আপাতত কার্যকর করা যাবে না। একইসঙ্গে ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
ইডির দাবিতে মান্যতা সুপ্রিম কোর্টের
শুনানিতে ইডির তরফে দাবি করা হয়, পুলিশের এফআইআর-এর উদ্দেশ্য তথ্যপ্রমাণ নষ্ট করা। আদালতে ইডির আইনজীবী সওয়াল করেন, কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্য পুলিশের হস্তক্ষেপ গুরুতর প্রশ্ন তুলছে। এই মামলায় CBI তদন্তেরও দাবি জানানো হয়েছে ইডির তরফে। এমনকী রাজ্যের বাইরে থেকে সিবিআই তদন্ত পরিচালনার আর্জিও জানানো হয়।
আরও পড়ুন- একই আধার নম্বর, স্কুলে ভর্তি হতে গিয়ে বিপাকে শিশু ও পরিবার, চরম গাফিলতির অভিযোগে উত্তাল
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
মামলার শুনানিতে বিচারপতিরা পর্যবেক্ষণে জানান, “যদি উপযুক্ত অনুমতি ও তথ্যপ্রমাণ নিয়ে কোনও কেন্দ্রীয় সংস্থা তদন্তে যায়, তাহলে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকে না।”
আদালত আরও জানায়, কোনও কেন্দ্রীয় সংস্থা সঠিকভাবে তদন্ত চালালে সেটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, এমন অভিযোগ প্রাথমিকভাবে গ্রহণযোগ্য নয়।
নোটিশ ও রিপোর্ট তলব
ইডির দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট সব পক্ষকে নোটিশ জারি করেছে। দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, তল্লাশির সময়ের সমস্ত নথি, ভিডিও ফুটেজ এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন-ব্যাংকে চাকরির বিরাট সুযোগ, শতাধিক শূন্যপদ, কীভাবে করবেন আবেদন?
উল্লেখ্য, কয়লা দুর্নীতির মামলায় কলকাতায় আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। সেই সময় ঘটনাস্থলে পৌঁছোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে অপদস্থ করতেই ইডি এই অভিযান চালিয়েছে এবং বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশ রাজ্য সরকারের জন্য বড়সড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us