/indian-express-bangla/media/media_files/2025/03/01/60kg5W8xEB2Lsd1jcw1l.jpg)
Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার চাঁচোলে বিজেপির জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভামঞ্চ থেকে তিনি সরাসরি তৃণমূল সরকারকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার ডাক দেন এবং রাজ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
শুভেন্দু অধিকারী এদিন দাবি করেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্পে শ্রমদিবস বাড়িয়ে ২০০ দিন করা হবে। পাশাপাশি আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য বরাদ্দের টাকাও বাড়ানো হবে বলে আশ্বাস দেন তিনি। তাঁর কথায়, “বিজেপি এলে গরিব মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আসবে।”
আরও পড়ুন- কোষাগারে টান, শ'য়ে-শ'য়ে কর্মী ছাঁটাই! শতাব্দীপ্রাচীন পুরসভায় তীব্র উত্তেজনা
সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, “আমরা পশ্চিমবঙ্গের শান্তি চাই। এই রাজ্যে ব্যাপক লুট হয়েছে, তাই পরিবর্তন দরকার। পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। এই রাজ্যের জমি রক্তাক্ত হতে দেব না।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “যেদিন দিদি পিসি হয়েছেন, সেদিনই আমি ওনাকে ছেড়েছি।”
মালদা জেলার রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শুভেন্দু দাবি করেন, মালদার মানুষ তৃণমূলকে ঘৃণা করে এবং তৃণমূল নেত্রীকে এই জেলার মানুষ পছন্দ করেন না। তাঁর অভিযোগ, “মালদা জেলাকে তৃণমূল এতটাই ক্ষতি করেছে, যার সীমা নেই।”
নিরাপত্তা ও সাম্প্রতিক হিংসার ঘটনা তুলে ধরে তিনি বলেন, নাগরা কাটায় টান দিতে গিয়ে বিজেপি নেতা খগেন মুর্মু আক্রান্ত হয়েছেন। তাঁর রক্ত বৃথা যাবে না বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। পাশাপাশি শামসেরগঞ্জ ও ধুলিয়ানে যেতে তাঁকে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সামসেরগঞ্জে হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের ঘটনাকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে তুলনা করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যে ধর্মীয় কর্মসূচিতে একাধিক বাধা দেওয়া হচ্ছে। দুর্গাপুজো, কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোর অনুমতি পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও দাবি করেন তিনি। প্রশাসনিক অনুমতি নিয়ে হাইকোর্টে একাধিকবার যেতে হয়েছে বলেও জানান।
তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু বলেন, ১০০ দিনের কাজ, শৌচালয় নির্মাণ এবং আবাস যোজনার টাকা লুট হয়েছে। তাঁর দাবি, এই টাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতেও পৌঁছেছে। “১০০ দিনের কাজের কার্ড গুছিয়ে রাখুন, বিজেপিকে ক্ষমতায় আনুন, ২০০ দিনের কাজ পাবেন,” সভামঞ্চ থেকে এমন বার্তাই দেন তিনি।
সব মিলিয়ে চাঁচোলের সভা থেকে তৃণমূল বিরোধী তীব্র রাজনৈতিক সুর বেঁধে দেন শুভেন্দু অধিকারী, যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মালদার রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us