/indian-express-bangla/media/media_files/2025/12/17/suvendu-pic-2025-12-17-12-35-02.jpg)
Messi event controversy: যুবভারতী ক্রীড়াঙ্গণে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের প্রতিবাদ মিছিল।
Yuvabharati Stadium chaos: বুধবার সকালে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লিওনেল মেসি যে পথ দিয়ে যুবভারতীতে প্রবেশ করেছিলেন, ঠিক সেই পথ ধরেই স্টেডিয়ামে ঢোকেন শুভেন্দু অধিকারী ও তাঁর সঙ্গে থাকা বিজেপির অন্যান্য বিধায়করা। তাঁদের হাতে ছিল সরকার-বিরোধী নানা প্ল্যাকার্ড। যুবভারতীতে মেসিকে ঘিরে অনুষ্ঠানে যে বিশৃঙ্খলা ও অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনাকে সামনে রেখে এদিন তীব্র ভাষায় রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন বিজেপি নেতারা। “ছি মমতা ছি” স্লোগানে মুখর হয়ে ওঠে যুবভারতী চত্বর।
বিরোধী দলনেতার অভিযোগ, লিওনেল মেসিকে আনার নামে রাজ্যে শ’য়ে শ’য়ে কোটি টাকার দুর্নীতি হয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি, এই গোটা ঘটনার পিছনে বড়সড় আর্থিক অনিয়ম রয়েছে এবং তা নিরপেক্ষ তদন্ত ছাড়া সামনে আসবে না। তাঁর বক্তব্য, রাজ্য সরকারের গঠিত কোনও তদন্ত কমিটিকে বিজেপি মানে না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ঘটনার জন্য কেন্দ্রীয় বা নিরপেক্ষ সংস্থার তদন্ত হওয়া জরুরি।
আরও পড়ুন- West Bengal News Live Updates: ‘সবকিছু করার পরও আক্রমণ!’ যুবভারতী নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক
এদিন যুবভারতীর ভাঙচুর হওয়া অংশ ঘুরে দেখেন বিরোধী দলনেতা। পাশাপাশি, ওই দিন স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় যেসব দর্শককে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি তোলেন তিনি। শুভেন্দু অধিকারী জানান, ধৃত দর্শকদের আইনি সহায়তা দেওয়া হবে এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের উপর স্থগিতাদেশ চেয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তাঁর অভিযোগ, সাধারণ দর্শকদের বলির পাঁঠা করা হয়েছে, অথচ ঘটনার প্রকৃত দায়ীদের আড়াল করা হচ্ছে।
আরও পড়ুন- SIR List: ভোটার লিস্টে সুনামি-কম্পন! বৈধরা বাদ পড়েছেন কিনা খুঁজবেন মমতা, সোমে জরুরি বৈঠক
শুভেন্দু অধিকারী আরও বলেন, “মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে আসেননি, তাই আমাকে আসতে হয়েছে। ভাঙা স্টেডিয়াম দেখতে এসেছি। মেসির অনুষ্ঠানে প্রায় ৩০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে। এই ঘটনার দায় এড়ানো যাবে না।” তিনি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ মন্ত্রী হিসেবে পরিচিত সুজিত বসুর নাম উল্লেখ করে তাঁদের গ্রেপ্তারের দাবিও তোলেন।
বিরোধী দলনেতার সঙ্গে এদিন যুবভারতীতে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য বিধায়করাও। তাঁরাও একযোগে স্লোগান তুলে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন।
বিজেপি নেতৃত্বের দাবি, যুবভারতীর ঘটনায় সাধারণ দর্শকদের টাকা ফেরত দিতে হবে এবং পুরো ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। বিজেপির মতে, এই ঘটনা রাজ্যের ভাবমূর্তিতে বড় আঘাত করেছে এবং তা নিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক চাপ আরও বাড়তে চলেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us