/indian-express-bangla/media/media_files/2026/01/12/vivekananda-2026-01-12-10-28-22.jpg)
Kolkata News: স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে রাজনৈতিক চর্চা।
স্বামী বিবেকানন্দের জন্মদিনে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। কলকাতার শিমলা স্ট্রিটে স্বামীজীর বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোডিং ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। জন্মদিনের পবিত্র মুহূর্তেও শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্যে চরম বাকযুদ্ধ দেখা গেল। বিবেকানন্দের বাড়ির চত্বরে রাজনৈতিক প্রচারের অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণে নেমেছে শাসক দলও।
১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই শিমলা স্ট্রিটে ভিড় জমতে শুরু করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির একাধিক শীর্ষ নেতা স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করতে সেখানে উপস্থিত হন। হেদুয়া থেকে শিমলা স্ট্রিট পর্যন্ত মিছিল করে বিজেপি নেতৃত্ব স্বামীজীর বাড়িতে পৌঁছন। শ্রদ্ধা নিবেদন শেষে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন তাঁরা। এদিন রাজ্য বিজেপির পক্ষ থেকে ‘বিবেক যাত্রা’র আয়োজন করা হয়।
আরও পড়ুন- West Bengal News Live Updates: সাতসকালেই আতঙ্ক, বাঘাযতীন স্টেশনে দাউ দাউ করে আগুন
অন্যদিকে, যুব দিবস উপলক্ষে শাসক দল তৃণমূলও স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানায়। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সকালে শিমলা স্ট্রিটে গিয়ে স্বামীজীর প্রতিকৃতিতে মালা দেন। তৃণমূলের তরফেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যুব দিবস পালন করা হয়।
এই আবহেই স্বামী বিবেকানন্দের বাড়ির চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি হোর্ডিং ঘিরে শুরু হয় বিতর্ক। BJP-র অভিযোগ, স্বামীজীর মতো মহান ব্যক্তিত্বের স্মৃতিবিজড়িত স্থানে রাজনৈতিক প্রচার অমর্যাদাকর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অন্যান্য নেতারা শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। সুকান্ত মজুমদার অভিযোগ করেন, “বিবেকানন্দের মাটিতে ফাইল চোর, গরু চোর ডাকছে তৃণমূল।”
আরও পড়ুন-Samir Putotundu Death: প্রয়াত সমীর পুততুণ্ড, বামপন্থী আন্দোলনের এক অধ্যায়ের অবসান
পাল্টা তৃণমূলের তরফে বিজেপিকে আক্রমণ করে বলা হয়, “নোট চোর, ভোট চোর, দেশ চোর বিজেপি”, এই স্লোগান তুলে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, স্বামী বিবেকানন্দের আদর্শকে সম্মান জানিয়েই তাঁদের কর্মসূচি এবং বিজেপি অযথা বিতর্ক তৈরি করছে।
স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এই রাজনৈতিক তরজা ফের একবার প্রমাণ করল, বাংলার রাজনীতিতে প্রতিটি দিনই রণক্ষেত্রের চেহারা নিচ্ছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us