/indian-express-bangla/media/media_files/2025/12/25/tarique-rahman-returns-bangladesh-after-17-years-bnp-politics-2026-election-2025-12-25-11-47-14.jpg)
১৭ বছর পর দেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান।
Tarique Rahman Return Bangladesh: বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও হিংসা আবহে ১৭ বছর পর দেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান।
দীর্ঘ নির্বাসন কাটিয়ে তাঁর এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের ঘোষণা হওয়ায়, তারিক রহমানের দেশে ফেরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
বর্তমানে বাংলাদেশে হিংসা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ক্রমশ বাড়ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালালেও, যুবনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই অস্থিরতার মধ্যেই তারিক রহমানের দেশে ফেরা রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রশ্ন উঠছে, কেন ১৭ বছর আগে বাংলাদেশ ছাড়তে হয়েছিল তারিক রহমানকে? ২০০৮ সালে তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে একাধিক ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ , দুর্নীতি এবং শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ ওঠে। কিছু মামলায় সাজাও হয় এবং জেল খাটার পর তিনি দেশ ছেড়ে ব্রিটেনে চলে যান। সেখানেই দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটিয়েছেন তারিক রহমান।
২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকার ক্ষমতায় আসার পর তারিক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলি ও সাজা প্রত্যাহার করা হয়। এর পর থেকেই তাঁর দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরালো হয়ে ওঠে, যা অবশেষে বাস্তবায়িত হল।
তারিক রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক প্রভাবশালী পরিবারের উত্তরসূরি। তাঁর বাবা জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন। অন্যদিকে, তাঁর মা খালেদা জিয়া একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে গুরুতর অসুস্থতার কারণে খালেদা জিয়া রাজনীতি থেকে কার্যত দূরে থাকায়, দলের হাল ধরেছেন তারিক রহমানই।
রাজনৈতিক সমীকরণও এখন বিএনপির পক্ষে বলেই মত বিশেষজ্ঞদের। সাম্প্রতিক সমীক্ষায় ইঙ্গিত মিলেছে, ২০২৬ সালের সাধারণ নির্বাচনে বিএনপি এগিয়ে থাকতে পারে। শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। ফলে বিএনপির সামনে বড় সুযোগ তৈরি হয়েছে মসনদে বসার। এই প্রেক্ষাপটে অনেকেই তারিক রহমানকে বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেই দেখছেন। সব মিলিয়ে, হিংসা ও অনিশ্চয়তার মধ্যে তারিক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করল বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-'পুরোপুরি ব্যার্থ কেন্দ্রের বিদেশনীতি', বাংলাদেশ কাণ্ডে বিজেপিকে নিশানা, গর্জে উঠলেন অধীর
আরও পড়ুন- 'আর কতদিন এভাবে হিন্দুদের পুড়ে মরতে হবে'? ইউনূসের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার লেখিকা তসলিমা নাসরিনের
আরও পড়ুন-ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে
আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ
আরও পড়ুন-'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us