/indian-express-bangla/media/media_files/2025/11/21/tejas-crash-in-dubai-2025-11-21-21-19-35.jpg)
দুবাই এয়ারশো'তে ভয়াবহ দুর্ঘটনা
Tejas fighter jet crashed: সংযুক্ত আরব আমিরশাহির দুবাই এয়ার শো-তে ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার নমনশ স্যায়াল সেই বিমানের একমাত্র পাইলট ছিলেন। শুক্রবার ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী ছিলেন বহু দর্শনার্থী। তাঁদেরই একজন আবু বকর জানান, মুহূর্তের মধ্যে চোখের সামনে যা ঘটেছে, তা কেউই বিশ্বাস করতে পারেননি।
আরও পড়ুন- এই সাতটি ব্যাঙ্ক বিনিয়োগের উপর দিচ্ছে সর্বোচ্চ সুদ, FD করার আগে যাচাই করে ইনভেস্ট করুন
রিয়েল এস্টেট এজেন্ট আবু বকর জানিয়েছেন, দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে পর্যন্ত তিনি তেজসের ভিডিও রেকর্ড করছিলেন। তিনি বলেন, “প্রথমদিকে সবকিছু স্বাভাবিক ছিল। অন্য বিমানের মতোই তেজসও আকাশে তার পারদর্শীতা দেখাচ্ছিল। হঠাৎ দেখলাম বিমানটি নিচের দিকে নামতে শুরু করেছে। আমরা ভেবেছিলাম পাইলট টেনে তুলবেন, কিন্তু তিনি আর তুলতে পারেননি। মুহূর্তের মধ্যেই বিমানটি মাটিতে আছড়ে পড়ে।”
তিনি আরও বলেন, “এই দেশে এরকম ঘটনা কখনও ঘটেনি। তাই কেউই বিশ্বাস করতে পারছিল না, সত্যিই এমনটা ঘটছে। বাস্তবে এমন দৃশ্য দেখা সত্যিই অবিশ্বাস্য।”
আরও পড়ুন- সন্ত্রাসের আঁতুড়ঘর আল ফালাহ বিশ্ববিদ্যালয়? ভবিষ্যৎ ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তায় শ'য়ে শ'য়ে পড়ুয়া
দুবাই এয়ার শো-এর শেষ দিনে শ'য়ে শ'য়ে দর্শনার্থীর ভিড় ছিল। আবু বকর জানান, ভারতীয় হিসেবে তাঁরা বিশেষ আগ্রহ নিয়ে তেজসের পারদর্শীতা দেখছিলেন এবং ভিডিও রেকর্ড করছিলেন। কিন্তু এভাবে তা এক মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হবে, তা কেউই ভাবতে পারেননি।
দুর্ঘটনার পর প্রথমদিকে অনেকেই ধরে নিয়েছিলেন যে পাইলট প্রাণে বেঁচে গিয়েছেন।কিন্তু আবু বকর তাঁর ভিডিও রিপ্লে করে দেখেন, বিমানের বাইরে পাইলট বেরনোর কোনও দৃশ্য নেই। জানা গেছে, এক আসনের লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট (এলসিএ) তেজস প্রায় আট মিনিট ধরে আকাশে ছিল এবং স্থানীয় সময় দুপুর ২.১৫ নাগাদ আচমকা নাক নিচু করে মাটির দিকে ধেয়ে আসে। আছড়ে পড়ে।
আরও পড়ুন- কীভাবে ঘরে বসে ২ মিনিটেই SIR ফর্ম অনলাইনে ফিলআপ করবেন? জমা হয়েছে কিনা জানবেন কী করে?
রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) নির্মিত এই বিমানটি তামিলনাড়ুর সুলুর ঘাঁটির স্কোয়াড্রনে ছিল এবং ২০১৬ সাল থেকে পরিষেবায় ছিল। ঘটনার পর ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হচ্ছে।
উল্লেখ্য, গত দু বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার তেজস বিমান দুর্ঘটনার শিকার হলো। ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেরে প্রথম দুর্ঘটনায় একটি তেজস বিমান ভেঙে পড়ে। তবে সেই সময় পাইলট নিরাপদে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us