/indian-express-bangla/media/media_files/2025/12/19/third-tiger-death-in-three-months-alipore-zoo-raises-questions-2025-12-19-12-18-46.jpg)
আলিপুর চিড়িয়াখানার পরিকাঠামো নিয়ে বিরাট প্রশ্ন
Alipore Zoo: তিন মাসের ব্যবধানে তৃতীয় বাঘের মৃত্যুকে ঘিরে তীব্র বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। সদ্য একটি বাঘিনীর মৃত্যুর পর চিড়িয়াখানার রক্ষণাবেক্ষণ, চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্যের উপর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পরপর এই ধরনের ঘটনার জেরে বন দফতর, বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের মধ্যেও অস্বস্তি বাড়ছে।
চিড়িয়াখানা সূত্রে খবর, গত মঙ্গলবার রাতে বাঘিনীটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরদিন বুধবার আলিপুর পশু হাসপাতালে তার ময়নাতদন্ত করা হয়। যদিও প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ভিসেরা নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট করা সম্ভব নয় বলে জানিয়েছেন চিড়িয়াখানার ডিরেক্টর। তাঁর দাবি, সমস্ত নিয়ম মেনেই ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সূত্রের খবর, মৃত বাঘিনীর শরীরে পরজীবীর উপস্থিতি পাওয়া গেছে। তবে বিশেষজ্ঞদের মতে, এত অল্প বয়সে একটি বাঘিনীর মৃত্যু শুধুমাত্র পরজীবী সংক্রমণের কারণে হওয়া অস্বাভাবিক। তাঁদের দাবি, সঠিক সময়ে চিকিৎসা ও পর্যাপ্ত যত্ন পেলে এমন পরিস্থিতিতেও বাঘিনীটির প্রাণ বাঁচানো সম্ভব হত। এই ঘটনায় চিড়িয়াখানার স্বাস্থ্যপরিকাঠামো ও নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মৃত বাঘিনীর বয়স আনুমানিক ২ বছর ১০ মাস বলে জানা গিয়েছে। গত বছরের আগস্ট মাসে ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানা থেকে তাকে আলিপুরে আনা হয়েছিল। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, এই সময়কাল বাঘের শারীরিক বিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। ফলে এই বয়সে একটি রয়্যাল বেঙ্গল বাঘিনীর আকস্মিক মৃত্যু বিশেষভাবে উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টার মধ্যে দুটি বাঘিনীর মৃত্যু হয়েছিল। সেই সময় চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছিল, বার্ধক্যজনিত কারণেই ওই দুই বাঘিনীর মৃত্যু হয়েছে। তবে এবার এত অল্প বয়সী বাঘিনীর মৃত্যুর ঘটনা আগের ব্যাখ্যাগুলিকেও প্রশ্নের মুখে ফেলেছে।
এ বিষয়ে প্রকৃতি পরিবেশ ও বন্যপ্রাণী সমিতির সম্পাদক বিশ্বজিৎ রায়চৌধুরী বলেন, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে তিনি চিড়িয়াখানায় থাকা বাঘসহ অন্যান্য প্রাণীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার উপর জোর দেওয়ার কথা বলেন। তাঁর মতে, ক্যান্সার ছাড়া অধিকাংশ রোগই চিকিৎসাযোগ্য এবং সময়মতো চিকিৎসা পেলে এই বাঘিনীর প্রাণ বাঁচানো যেত।পরপর কয়েক মাসের মধ্যে তিনটি বাঘের মৃত্যু আলিপুর চিড়িয়াখানার সামগ্রিক যত্ন ও ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। এখন সকলের নজর ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টের দিকেই।
আরও পড়ুন-“ঘুগনি বানিয়ে বিক্রি করুন!”, মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us