/indian-express-bangla/media/media_files/2025/11/12/suvendu-2025-11-12-14-26-10.jpg)
Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Bengal politics: BJP-র নন্দীগ্রামের বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তিনি পাকিস্তান ও বাংলাদেশ থেকে নিয়মিত হুমকি ফোন পাচ্ছেন। সম্প্রতি দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার হয়েছে, সেই সময়েই তাঁর এই দাবি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
শুভেন্দু অধিকারী বলেন, “জিহাদিরা বাংলাকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে দেখে। আর আমরা যারা সত্যি কথা বলি, তারাই হুমকি ফোন পাচ্ছি। দুই দিন আগেই পাকিস্তান থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে। শুধু পাকিস্তান নয়, প্রায় প্রতিদিন বাংলাদেশ থেকেও হুমকি ফোন পাচ্ছি। সবাই জানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর।”
আরও পড়ুন- West Bengal News Live Updates: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের
তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণের পর জাতীয় তদন্ত সংস্থা (NIA) বুধবার মুর্শিদাবাদে অভিযান চালায়। নির্দিষ্ট গোয়েন্দা সূত্রের ভিত্তিতে এক পরিয়ায়ী শ্রমিকের বাড়িতে তল্লাশি চালানো হয়। এই ঘটনার প্রেক্ষিতেই শুভেন্দুর দাবি নতুন করে আলোচনায় আসে। তবে তৃণমূল কংগ্রেস শুভেন্দুর দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, “শুভেন্দু অধিকারী এখন দলের মধ্যেই গুরুত্ব হারিয়েছেন। বিজেপির লোকসভা আসন ১৮ থেকে ১২-তে নেমে গেছে, তাঁর পছন্দের কেউ রাজ্য সভাপতি হতে পারেননি। তাই খবরের শিরোনামে থাকতে ও প্রাসঙ্গিকতা বজায় রাখতে এসব মন্তব্য করছেন।”
আরও পড়ুন- Bengal SIR 2025: রাজ্যে কত মৃত ভোটারের নাম আধার থেকে বাদ? কমিশনকে তথ্য দিল UIDAI
তিনি আরও বলেন, “বাংলাদেশ বা পাকিস্তান কেন শুভেন্দু অধিকারীকে হুমকি দেবে, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন! এটা তাঁর সস্তা প্রচারের কৌশল।”
রাজ্য রাজনীতিতে শুভেন্দুর এই দাবি ও তৃণমূলের প্রতিক্রিয়া ঘিরে নতুন করে তর্ক-বিতর্ক শুরু হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us