/indian-express-bangla/media/media_files/2026/03/02/clash-2026-03-02-19-56-14.jpg)
Malda Political Clash: আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়ালের দখলদারি নিয়ে উত্তপ্ত হয়ে উঠল মালদার বামনগোলা। সোমবার সকালে বামনগোলা থানার অন্তর্গত মহেশপুর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদ কলোনী এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। ইঁট-বৃষ্টি থেকে শুরু করে লাঠিসোঁটা নিয়ে দু’পক্ষই একে অপরের ওপর চড়াও হয় বলে অভিযোগ।
রক্তাক্ত দুই পক্ষ, জখম তৃণমূল কর্মী হাসপাতালে
এই সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে এক তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, আহত বিজেপি কর্মীকে মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন- Abhishek Banerjee: "খুঁটিপুজো ছাব্বিশে, বিসর্জন উনত্রিশে!" বিজেপিকে অলআউট করার ডাক দিলেন অভিষেক
তৃণমূলের অভিযোগ: ‘সন্ত্রাস চালাচ্ছে বিজেপি’
তৃণমূলের দাবি, গঙ্গাপ্রসাদ কলোনি এলাকায় তাদের পূর্বনির্ধারিত একটি দেওয়াল লিখন মুছে দিয়ে সেখানে জোর করে বিজেপি কর্মীরা নিজেদের প্রচার শুরু করে। প্রতিবাদ করতে গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা লাঠিসোঁটা নিয়ে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায়।
আরও পড়ুন-আকাশে যুদ্ধের মেঘ: ওলটপালট কলকাতার আন্তর্জাতিক উড়ান, ৪৪ হাজারে দুবাইয়ের টিকিট!
স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য চঞ্চল মন্ডল সরাসরি আঙুল তুলেছেন বিজেপি কর্মীদের দিকে। তাঁর দাবি, "নৃপেন মাহাতো, মিঠুন মাহাতোদের মতো বিজেপি কর্মীরা এলাকায় নিয়মিত সন্ত্রাস চালায়। এর আগেও এরা গোলমাল করে জেল খেটেছে। এদিন আমাদের দেওয়াল দখল করতে গিয়েই ওরা হামলা চালিয়েছে।"
বিজেপির পাল্টা দাবি: ‘মিথ্যে অভিযোগ’
অন্যদিকে, হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে গেরুয়া শিবির। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বীণা কীর্তনীয়া পাল্টা অভিযোগ তুলে বলেন, "তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। আসলে আমাদের দেওয়াল লিখন তৃণমূল কর্মীরাই মুছে দিয়েছিল। প্রতিবাদ করায় আমাদের কর্মীদেরই মারধর করা হয়েছে। এখন মিথ্যে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা চলছে।"
ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় বামনগোলা থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। অশান্তি এড়াতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষেরই লিখিত অভিযোগ জমা পড়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us