/indian-express-bangla/media/media_files/2026/01/13/tmc-2026-01-13-12-53-25.jpg)
TMC leader arrested: বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা-সহ ২
এবার গৃহস্থের বাড়িতে চুরিতে নাম জড়ালো তৃণমূলের। গ্রেপ্তার হয়েছেন এক তৃণমূল নেতা ও তাঁর সহযোগী। ধৃত ওই তৃণমূল নেতার নাম হাই মল্লিক। তিনি পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি। অপর ধৃতের নাম আহাদত সেখ। তিনিও গুসকরা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুই ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ । সিজেএম দুই ধৃতকে ৩ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। তৃণমূল নেতার এই কীর্তিতে জোর শোরগোল পড়েছে বর্ধমানের রাজনৈতিক মহলে।কড়া ভাষায় শাসক দলকে বিঁধেছে বিজেপি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গুসকরা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আলুটিয়া সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকায় বাড়ি রাণা বিশ্বাসের। তিনি পোস্ট অফিসের কর্মী। স্ত্রীকে সঙ্গে নিয়ে রাণা বিশ্বাস কয়েকদিন আগে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। শনিবার বিকেলে রানার মা সীমা বিশ্বাস বাড়িতে তালা দিয়ে গুসকরারই শান্তিপুরে নিজের বাপের বাড়িতে বেড়াতে যান। বাড়ি তাই ফাঁকাই ছিল।
পরিবার সদস্যদের কথা অনুযায়ী বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে শীতের সন্ধ্যায় দরজা ভেঙে চোরের দল বাড়ির ভিতরে ঢুকে পড়ে। দুটি ঘরে থাকা দুটি আলমারি ভেঙে সেখান থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে চোরেরা চম্পট দেয়। চোরেরা ওই গৃহস্থের বাড়ি থেকে শীতের কম্বল পর্যন্ত চুরি করে বলে অভিযোগ। বাপের বাড়ি থেকে ফিরে ভাঙা দরজা ও লণ্ডভণ্ড ঘর দেখে সীমা বিশ্বাস হতবাক হয়ে যান।
সীমা বিশ্বাস জানান, এই চুরির ঘটনায় তাঁদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সন্ধ্যারাতের মতো সময়ে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। রবিবার পুলিশ চুরির তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে চুরির কিনারা করে। গ্রেফতার করে চুরির ঘটনায়
জড়িত তৃণমূল নেতা হাই মল্লিক ও তার সহযোগী আহাদত শেখকে। পুলিশ সোমবার সকালে বাড়ি থেকে আহাদতকে ধরে।জিজ্ঞাসাবাদে গৃহস্থের বাড়িতে চুরিতে জড়িত থাকার কথা সকবুল করে। তার সঙ্গে হাইও যে গৃহস্থের বাড়িতে ছিলো তা আহাদাত পুলিশকে জানায়। এরপর হাইকেও তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
এ নিয়ে গুসকরা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মল্লিকা চোঙদার বলেন,“আমাদের এখন নতুন করে ওয়ার্ড কমিটি তৈরি হয় নি। সুতরাং হাই মল্লিক এখন পদে নেই।অন্যদিকে গুসকরা পৌরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় বলেন, হাই মল্লিক নেশা করে, এটা জানি।কিন্তু হাই মল্লিক যে চুরিও করে তা আমার জানা ছিল না।“
আরও পড়ুন-Kolkata News: সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা তপসিয়ায়, কমপক্ষে ২০ আহত
এদিকে বিধানসভা ভোটের আগে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়ায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। জেলা বিজেপি নেতা মৃত্যঞ্জয় চন্দ্র বলেন,’কয়লা ,বালি ও চাকরি চুরি থেকে শুরু করে ভোট চুরিতে তৃণমূলের দক্ষতার যে অসীম সেটা গোটা বাংলার মানুষ জানেন। জুড়ি নেই । গৃহস্থের বাাড়িতে চুরি করাও যে তৃণমূলের নেতা শুরু করে দিয়েছেন সেটাও এবার সামনে চলে এলো। এর থেকে প্রমাণ হয়ে গেল তৃণমূল একেবারে পরিপূর্ণ একটা চোরেদের দল।"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us