/indian-express-bangla/media/media_files/2026/02/02/farakka-ps-2026-02-02-14-48-07.jpg)
Farakka Police Station: ফরাক্কা থানা।
পুরনো শত্রুতার জেরে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল মুর্শিদাবাদের ফরাক্কায়। রবিবার বিকেলে ফরাক্কা থানার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব জিগরি এলাকায় এই বর্বরোচিত হামলাটি ঘটে। গুরুতর জখম ওই পঞ্চায়েত সদস্যের নাম আব্দুর রোফ (৪৫)। বর্তমানে তিনি বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে আব্দুর রোফ তাঁর বন্ধু ইনতেসার আলির সঙ্গে মোটরসাইকেলে করে জিগরি মোড়ের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, পুরনো শত্রুতার কারণে আগে থেকেই সেখানে ওত পেতে ছিল জুয়েল সেখ, জসিম সেখ এবং দিলওয়ার সেখ নামে তিন ব্যক্তি। আব্দুর রোফের বাইক আটকে তাঁকে জোরপূর্বক ফেলে দেওয়া হয়। এরপর এলোপাথাড়ি কিল-ঘুষি মারার পর জুয়েল সেখ ধারালো অস্ত্র দিয়ে রোফের মাথায় একাধিক কোপ মারে। রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ফরাক্কার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মাথার আঘাত অত্যন্ত গুরুতর।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগেই বড় মোচড়! বাংলা ভাগের দাবিতে সুর চড়ালেন BJP-র সাংসদ
ঘটনার খবর পেয়েই তদন্তে নামে ফরাক্কা থানার পুলিশ। জখম তৃণমূল সদস্যের স্ত্রী রুবিনা বিবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই তল্লাশি চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুতার জেরেই এই হামলা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us